প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৮:৫৩ পিএম
প্রবা ফটো
বীমা কোম্পানির শেয়ারে ভর করে ইতিবাচক প্রবণতায় ফিরছে পুঁজিবাজার। বুধবার (১৯ জুলাই) সকালে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে বীমা কোম্পানির শেয়ার। লেনদেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর বাড়ার শীর্ষে অন্য খাতের কোম্পানির শেয়ার উঠে এলেও বীমা খাতের কোম্পানি ঊর্ধ্বমুখী ধারা বহাল ছিল। এ দিন সাধারণ বীমা খাতের ৪২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে চারটির দাম অপরিবর্তিত থাকলেও বাকি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর জীবন বীমা খাতের লেনদেন হওয়া ১৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে একটির এবং অপরিবর্তিত ছিল পাঁচটির।
ফলে ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখে শেষ হয়েছে বুধবারের ডিএসইর বাজার কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে। তবে আগের দিনের অবস্থান ধরে রেখে ডিএসই শরিয়াহ সূচক হয়েছে ১ হাজার ৩৮৭ পয়েন্ট।
এদিকে ডিএসইতে লেনদেন কমেছে। ডিএসইর মূল মার্কেটে লেনদেন হয়েছে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৬৭ কোটি ২১ লাখ টাকা বেশি। এর আগে গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। আর লেনদেন হওয়া ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ১৮৫টির।
লেনদেনে শীর্ষে ছিল ফু ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৪৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল সি বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের ৩৬ কোটি ৭৯ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২৮ কোটি ১৯ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ২০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া বেঙ্গল উইনডসর থার্মোপ্লাস্টিকের ৯ দশমিক ৮১ শতাংশ, জনতা ইনস্যুরেন্সের কোম্পানি ৮ দশমিক ৮৯ শতাংশ এবং কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ৮ দশমিক ৮৭ শতাংশ দর বেড়েছে।
দরপতনের শীর্ষে ছিল রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের শেয়ার দর কমেছে ৬ দশমিক ১৭ শতাংশ। এ ছাড়া আজিজ পাইপ লিমিটেডের ৫ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৯৩ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৪ দশমিক ৬২ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।
এদিকে ডিএসইর ব্লক মার্কেটে ৮০টি কোম্পানির মোট ৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। এই প্রতিষ্ঠানটির ২৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এ ছাড়া ফরচুন সুজের ৭ কোটি ৯২ লাখ টাকা, গ্রামীণফোনের ৩ কোটি ১১ লাখ, আলহাজ টেক্সটাইসের ২ কোটি ৯৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্টের ২ কোটি ৭৩ লাখ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়।
ডিএসইর ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানিগুলো শেয়ার লেনদেনের প্ল্যাটফর্ম এসএমই বোর্ডে সূচক ও লেনদেন কমেছে। গতকাল ডিএসইর এসএমই বোর্ডের সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২ কোটি ২৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৬৯ লাখ টাকা কম।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৮০ পয়েন্টে। সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। সিএসইতে মোট লেনদেন হয় ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।