প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২২:৪৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ০০:৪১ এএম
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
দেশি-বিদেশি ১৩টি ব্যাংক বাফেদা (বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন) নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনা-বেচা করছে বলে প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অমান্য করায় এসব ব্যাংকের বিরুদ্ধে অধিকতর তদন্তে নামার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাহুল হক।
তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বলা যাবে তারা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ভেঙেছে কি না।’
ডলারের দর বেশি রাখা হচেছ এমন অভিযোগের পরপরই তা রোধ করতে শক্ত অবস্থানে গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নরের কড়া নিদের্শ পেয়েই কর্মকর্তারা তদন্তে নামছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা।
নতুন করে দেশি-বিদেশি ১৩টি ব্যাংকের নাম বেরিয়ে এসেছে প্রাথমিক তদন্তে। এর মধ্যে আগেরবার ডলারের দর কারসাজিতে অভিযুক্ত ব্যাংকের নামও রয়েছে।
মেজবাহুল হক বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের পরামর্শে ডলারের বিনিময় হার একাধিক একক দরে নামিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।’
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডলারের সরবরাহ সংকটে কিছু ব্যাংকও সীমার অতিরিক্ত মুদ্রা জমিয়ে রেখে অতিরিক্ত মুনাফা শুরু করে। সুযোগ থাকলেও তা বাজারে না ছেড়ে কৃত্রিমভাবে দর বাড়ানো হয়। আবার কয়েকটি ব্যাংক ডলার সংরক্ষণের তথ্যও গোপন করে।