× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইর ৯০ সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৮:৪৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে ৯০টি সুপারিশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ শীর্ষক সম্মেলনের আউটকাম রিপোর্টে ১০টি খাতের ওপর জোর দিয়ে ৯০ দফা সুপারিশ করেছে সংগঠনটি। সুপারিশে বলা হয়েছে- ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, সরকারি-বেসরকারি সংলাপ, রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা, বিনিয়োগ আকর্ষণ, কর খাতের সংস্কারসহ ১০টি খাতের যেসব সমস্যা বা বাধা রয়েছে তা সমাধানের ওপর বিশেষ নজর দিতে হবে। এতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়বে বলে মনে করে এফবিসিসিআই।

চলতি বছরের মার্চে তিন দিনব্যাপী বিজনেস সামিট করে এফবিসিসিআই। এই সামিটের বিভিন্ন অধিবেশনে যেসব সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে তা তুলে ধরা হয়েছে আউটকাম রিপোর্টে।

প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করা হয়েছে, ব্যবসা-বাণিজ্য সহজীকরণে ডিজিটাল অর্থনীতির ওপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ইন্টারনেটের খরচ কমিয়ে আনতে হবে। জমিজমার রেকর্ড ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া নারীদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহী করে তুলতে হবে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রশিক্ষণের আওতায় আনতে হবে নারীদের।

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের সুপারিশ করেছে এফবিসিসিআই। এক্ষেত্রে কাতার ও সৌদি আরবের সঙ্গে চুক্তিতে যাওয়াসহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে ওপর মনোযোগী হতে হবে। এ ছাড়া ফাইভ জি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ হাতে নিতে হবে।

রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বর্ডারে যেসব ভ্যাট-ট্যাক্সের জটিলতা রয়েছে তা সহজ ও আধুনিকায়ন করার সুপারিশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। এ ছাড়া তৈরি পোশাকের বাইরের অন্যান্য খাতেও শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার বিষয়ে জোর সুপারিশ করেছে এফবিসিসিআই। ট্যুরিজম খাতের উন্নয়ন, অর্গানিক খাদ্য উৎপাদনসহ সার্কুলার ইকোনমির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলছে সংগঠনটি।

বিনিয়োগ আকর্ষণে বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে তুলতে প্রচার প্রচারণার ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছে এফবিসিসিআই। এক্ষেত্রে বাংলাদেশের যেসব সক্ষমতা রয়েছে তা বিদেশি বিনিয়োগকারীদের কাছে যথাযথভাবে তুলে ধরার বিষয়ে গুরুত্ব আরোপ করছে সংগঠনটি।

অর্থায়নের বিষয়ে যেসব জটিলতা রয়েছে তা দূর করার পরামর্শ এফবিসিসিআইর। ছোট কোম্পানিগুলো যেন পুঁজিবাজার থেকে ৭ থেকে ১৫ কোটি টাকার মতো মূলধন সংগ্রহ করতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার বলে মনে করছে সংগঠনটি।

এফবিসিসিআই সুপারিশ করেছে, শুল্ক ও করব্যবস্থার ওপর এমনভাবে পরিকল্পনা করতে হবে, যা বিনিয়োগকারীদের আকর্ষণ করে। করব্যবস্থার সহজীকরণ দেশের অর্থনীতিকে আরও বেগবান করবে বলে দাবি সংগঠনটির।

এফবিসিসিআইর আউটকাম রিপোর্ট গত শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা