প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৪:০৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৪:০৩ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পূর্বাভাসের তুলনায় রেকর্ড পরিমাণ বেশি মুনাফা অর্জন করেছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানি। অধিক সুদে ঋণ প্রদান ও ফার্স্ট রিপাবলিক ব্যাংক অধিগ্রহণের মাধ্যমে অধিক মুনাফা লাভ করেছে ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তবে ব্যাপক অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বাংকটির চেয়ারম্যান ও সিইও জেমি ডিমন।
এদিকে কয়েক সপ্তাহের অস্থিতিশীলতার পর গত মে মাসে সরকার-সমর্থিত চুক্তিতে ধসে পড়া ফার্স্ট রিপাবলিক ব্যাংকের বেশিরভাগ সম্পদ অধিগ্রহণ করে জেপি মরগ্যান। ওই সিদ্ধান্ত ব্যাংকের নেট সুদের আয়কে (এনআইআই) একটি রেকর্ড উচ্চতায় নিয়ে যায়। এ সময় এনআইআই থেকে ব্যাংকটি ২ হাজার ১৯০ কোটি ডলার আয় করে, যা আগের বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি এবং ফার্স্ট রিপাবলিকের অর্থ বাদ দিলে ৩৮ শতাংশ বেশি।
এ ছাড়াও ব্রোকারেজ প্রতিষ্ঠান রিফিনিটিভের দ্য ইন্টারন্যাশনাল ব্রোকারস এসটিমেট সিস্টেম- আইবিইএস ডেটা অনুসারে চলতি বছরের জন্য এনআইআইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ৮ হাজার ৭০০ কোটি ডলার, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত পূর্বাভাস ৮ হাজার ৩৩৭ কোটি ডলারের চেয়ে বেশি।
সার্বিক বিষয় নিয়ে ডিমন বলেন, যুক্তরাষ্ট্রে অর্থনীতি স্থিতিস্থাপক রয়েছে। তবে একগুঁয়ে মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাংকটির মুনাফা কমার সম্ভাবনাও রয়েছে। সূত্র : রয়টার্স