প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২০:৪০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২১:০৬ পিএম
পিকেএসএফ ভবন। ছবি: সংগৃহীত
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশে দুটি নতুন প্রকল্প বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পে উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠির জন্য অভিঘাত সহনশীল আবাসন নির্মাণে সহায়তা প্রদান করা হবে। আর প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অপর প্রকল্পে খরাপ্রবণ অঞ্চলের মানুষের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ কর হবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত জিসিএফের ৩৬তম পর্ষদ সভায় প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয় বলে জানায় পিকেএসএফ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রকল্পে উপকূলীয় সাত জেলার প্রায় চার লাখ মানুষের সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধিতে পাঁচ বছর মেয়াদে কাজ করা হবে।
অন্য প্রকল্পের আওতায় উত্তর-পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ তিন জেলার দুই লাখের বেশি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, পুকুর ও খাল পুনর্খনন, খরাসহিষ্ণু শস্যবিন্যাস অনুসরণ ও উপযুক্ত শস্যের জাত বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হবে। এর আগে জিসিএফের অর্থায়নে বাংলাদেশে দুটি প্রকল্প বাস্তবায়ন করে পিকেএসএফ। জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের আওতায় জিসিএফ গঠিত হয়। পিকেএসএফ বাংলাদেশে জিসিএফের ডিরেক্ট এক্সেস ইনটিটি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান।