প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ২০:৫১ পিএম
থ্রেডসের আগে আর কোনো প্ল্যাটফর্ম টুইটারের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে পারেনি। যদিও ইলন মাস্ক থ্রেডসের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। ছবি : সংগৃহীত
টুইটারের প্রতিদ্বন্দ্বী মেটার প্ল্যাটফর্ম থ্রেডস উন্মোচনের ৫ দিনের
মধ্যে অ্যাকাউন্টের সংখ্যা ১০ কোটি অতিক্রম করেছে। এর মাধ্যমে প্রথম দ্রুত ১০ কোটি
ব্যবহারকারী পাওয়ার দিক থেকে চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেল তারা।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ সোমবার (১০ জুলাই)
এক ব্লগপোস্টে এমনটাই জানিয়েছেন।
সঙ্গে জুকারবার্গ এও বলেছেন, এই অ্যাকাউন্টগুলো পুরোপুরি অর্গানিক।
এখন পর্যন্ত থ্রেডসের জন্য মেটা কোনো আনুষ্ঠানিক প্রচারণাই শুরু করেনি।
ইউবিএসের সমীক্ষা অনুসারে, সংখ্যার দিক থেকে মেটার নিকটতম প্রতিদ্বন্দ্বী
চ্যাটজিপিটির ১০ কোটি ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করতে সময় লেগেছিল ২ মাস।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে থ্রেডসে একের পর এক সেলিব্রেটি, রাজনীতিবিদ
ও বিশ্বের বড় বড় সংবাদ আউটলেটগুলো যোগ দেওয়ায় প্রথমবারের মতো ইলন মাস্কের মালিকানাধীন
মাইক্রোব্লগিং সাইট টুইটার অ্যাপ্লিকেশন গুরুতর হুমকির মুখে।
মাস্ক টুইটারের মালিক বনে যাওয়ার আগে গতবছরের জুলাই পর্যন্ত প্ল্যাটফর্মটির
সক্রিয় ব্যবহারকারী ছিল মাত্র ২৪ কোটি। ওয়েব অ্যানালিটিক্স কোম্পানিগুলো বলছে, প্ল্যাটফর্মটিতে
সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন আরও কমেছে। গত বছরের তুলনায় এ বছর টুইটারের ওয়েব ট্রাফিক
কমেছে ১১ শতাংশ। ইন্টারনেট ইনফ্রাস্টাকচার ফার্ম ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা
ম্যাথু প্রিন্স রবিবার (৯ জুলাই) টুইটের সংখ্যার একটি গ্রাফ প্রদর্শন করেছিলেন। সেখানেও
একই চিত্র দেখা গেছে।
যদিও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াক্কারিনো এর একেবারে
বিপরীত দাবি করেছেন। সোমবার (১০ জুলাই) এক টুইটবার্তায় তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর
থেকে গত সপ্তাহে দৈনিক সর্বোচ্চ সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চতে পৌছেছে। মাস্কও
এক টুইটবার্তায় একই দাবি করেছেন। যদিও এ সংক্রান্ত কোনো ডাটা বা গ্রাফ দেখাননি ইয়াক্কারিনো
ও মাস্ক উভয়ই।
এর আগে টুইটারকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করে মাস্টোডান, বুলস্কি
ও ট্রুথ সোশ্যালের মতো প্ল্যাটফর্ম। এগুলোকে টুইটার কখনোই হুমকি হিসেবে বিবেচনা করেনি,
কারণ এর কোনোটিই এখন পর্যন্ত সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ অতিক্রম করতে পারেনি।
ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ট্রুথ সোশ্যালে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখের কিছুটা
বেশি।
মাস্ক থ্রেডের আগমনের প্রতিক্রিয়া জানিয়ে প্ল্যাটফর্মটি নিয়ে উপহাস
করেছেন এবং মেটার বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছে। তার অভিযোগ, থ্রেডস অ্যাপটি তৈরি
করতে টুইটারের গোপনীয় তথ্য ব্যবহার করা হয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের দাবি
প্রমাণ করা কঠিন হতে পারে।
তবে থ্রেডের সঙ্গে টুইটারের সাদৃশ্য রয়েছে। এটি ৫০০ অক্ষর পর্যন্ত
পোস্টের অনুমোদন দেয় এবং ৫ মিনিট পর্যন্ত ভিডিও পোস্ট সমর্থন করে। তবে অ্যাপটিতে এখনও
সরাসরি কোনো মেসেজিং অপশন নেই। এ ছাড়া হ্যাশট্যাগ ও কীওয়ার্ড ধরে অনুসন্ধানের ফিচারগুলোও
চালু হয়নি।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন