প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২০:০১ পিএম
ছবি: সংগৃহীত
দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসেছেন কানাডার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মঘটে থাকা বন্দর শ্রমিকরা। ব্রিটিশ কলাম্বিয়া মেরিটাইম এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এক বিবৃতিতে জানায়, প্রথম ধাপের আলোচনা শেষ হওয়ার চার দিন পর পুনরায় বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন বন্দর শ্রমিকরা।
গত ১ জুলাই উচ্চ মজুরির জন্য প্রায় ৭ হাজার ৫০০ বন্দর শ্রমিক ধর্মঘটে নামেন। তারা দেশে পণ্য আমদানি-রপ্তানির মূল প্রবেশদ্বার ভ্যাঙ্কুভার এবং প্রিন্স রুপার্ট বন্দরের কাজ বন্ধ করে দেন। এর পরিপ্রেক্ষিতে বিসিএমইএ এবং ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়ারহাউস ইউনিয়ন কানাডা (আইএলডব্লিউইউ) গত শনিবার বৈঠকে বসে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়া ধর্মঘট চলমান থাকে। এ বিষয়ে বিসিএমইএ জানায়, বাণিজ্য ঘাটতি মেটাতে একটি সংশোধিত প্রস্তাব পেশ করেছে বিসিএমইএ। যার মাধ্যমে টার্মিনালগুলোতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হবে। তবে এর বিরোধিতা ও প্রত্যাখ্যান করেছে আইএলডব্লিউইউ।
এদিকে প্রত্যাখ্যানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইএলডব্লিউইউ।
শিল্প সংস্থা কানাডিয়ান ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স (সিএমঅ্যান্ডই) বলছে, ধর্মঘটের কারণে প্রতিদিন ৫০ কোটি কানাডিয়ান ডলার বা ৩৭ দশমিক ৭ কোটি মার্কিন ডলারের বাণিজ্য ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এই সংকট চলতে থাকলে এটি সরবরাহ প্রক্রিয়া ব্যাহত করবে এবং মূল্যস্ফীতিকে আরও তীব্র করে তুলবে। সূত্র : রয়টার্স