প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৪:০৪ পিএম
ছবি : সংগৃহীত
মন্ডেলেজ ইন্টারন্যাশনালের দুটি আলাদা স্বাদের বেলভিটা ব্রেকফাস্ট স্যান্ডউইচ বিস্কুটে পূর্বের ঘোষণা ছাড়াই চিনাবাদাম যুক্ত হয়েছে। ফলে তা বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্ন্যাক ফুড কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে খুচরা দোকানে বিক্রি হওয়া এই পণ্যগুলোতে অঘোষিত চিনাবাদামের মিশ্রণ থাকতে পারে। তাই উত্পাদন প্রক্রিয়ায় গড়মিলের কারণে এমন ত্রুটির শঙ্কা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো বেলভিটা পণ্য এই ক্রুটির অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছে মন্ডেলেজ ইন্টারন্যাশনাল।
কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিস্কুট উৎপাদন করার সময় ব্যবহৃত মেশিনে পূর্বে উৎপাদিত অন্য চিনাবাদাম যুক্ত বিস্কুটের উপাদান পরিষ্কার না করে একই লাইনে বাদাম মুক্ত বেলভিটা ব্রেকফাস্ট স্যান্ডউইচ বিস্কুট তৈরি করায় বাদামের উপস্থিতি পাওয়া যেতে পারে।
এদিকে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চিনাবাদাম মিশ্রণের প্রাথমিক অভিযোগ পাওয়ার পরই বজার থেকে বিস্কুটগুলো তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কোম্পানির কর্তাব্যক্তিরা। সূত্র : রয়টার্স