প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় আকারে শ্রমিকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিগুলো। চলতি বছরে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রতিষ্ঠানগুলো বলে জানিয়েছে জাপানিজ ট্রেড ইউনিয়ন কনফেডারেশন।
সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠানের নিয়োগকালে বড় আকারে বেতন বৃদ্ধি করা হয়েছে। শ্রমিক ইউনিয়নের ৫ হাজার ২৭২ জন শ্রমিকের ৩ দশমিক ৫৮ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে। যা জাপানিজ মুদ্রায় ১০ হাজার ৫৬০ ইয়েন বা ৭৩ ডলার শূন্য ৪ সেন্ট। এ ছাড়াও ১৯৯৩ সালের পর এবার সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯ শতাংশ।
একই সময়ে ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ের ক্ষেত্রে শ্রমিকের বেতন ও মজুরি বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২৩ শতাংশ। যা গত ৩ দশক পর সবচেয়ে বড় মজুরি বৃদ্ধির রেকর্ড গড়েছে। জাপানের অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মজুরি বৃদ্ধি পেলে ভোক্তা পর্যায়ে পণ্য চাহিদা বাড়বে।
এদিকে শ্রমিকের মজুরি বৃদ্ধির বিষয়টি জাপানের কেন্দ্রীয় ব্যাংক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ব্যাংক অব জাপান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা জানান, আমরা মজুরি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি না। আমাদের নীতিগত সিদ্ধান্তের মূল বিষয় হলো, মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা এবং টেকসই লক্ষ্যমাত্রা ২ শতাংশ ধরে রাখা। সূত্র : রয়টার্স