প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২০:৪৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২১:০৬ পিএম
ফাইল ফটো
পুরোনো ঋণের যথাযথ বাস্তবায়ন যাচাইয়ে বাংলাদেশে এসেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদল। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেখা করেন তারা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময় দেওয়া ঋণের খোঁজখবর নিতে এসেছিলেন।
প্রসঙ্গত, অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবি এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৭ দশমিক ৫৫৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা প্রদানের জন্য অর্থমন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।
চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দেবে এডিবি। সরকারের উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেন, ’বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে।’
অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে এ অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণসহায়তা প্রক্রিয়াধীন আছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কোভিড-১৯ মহামারির মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি বলেন, ’কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।’