× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসময়ের তরমুজে বাড়তি আয়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৪:২৬ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২২:০৪ পিএম

ঈশ্বরগঞ্জের গ্রীষ্মকালীন তরমুজের ভালো ফলন হওয়ায় খুশি কৃষক। প্রবা ফটো

ঈশ্বরগঞ্জের গ্রীষ্মকালীন তরমুজের ভালো ফলন হওয়ায় খুশি কৃষক। প্রবা ফটো

অসময়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বেশ কয়েকজন কৃষক। কম খরচে অধিক ফলন এবং দাম ভালো পাওয়ায় বাড়তি আয়ও করছেন তারা। তাদের সফলতা দেখে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই।

বেশ কিছুদিন ধরে বিশেষ জাতের গ্রীষ্মকালীন তরমুজ আবাদে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এর ফলে ঈশ্বরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ জাতের সুগার কুইন ও সুইট মাস্টার তরমুজ। 

এসব তরমুজের ভেতরের অংশের রঙ লাল হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আবাদে খরচ কম। বাজার দরও বেশ চড়া থাকায় খুশি কৃষক। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার ঈশ্বরগঞ্জ সদরের মাইজবাগের বড়হিত ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এসব তরমুজের আবাদ হয়েছে।

ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার মুহাম্মদ মুর্শেদ আলী খানের পরামর্শে ও কৃষি বিভাগের সহযোগিতায় ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে প্রথমবারের মতো এবার গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হয়েছে। এ ছাড়াও বড়হিত ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খানের পরামর্শে সুইট মাস্টার তরমুজ চাষ হয়েছে। স্বাভাবিকভাবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত তরমুজের বীজ রোপণ করা হয়। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে গ্রীষ্মকালীন তরমুজের বীজ রোপণ করা হয়। 

কৃষি বিভাগের অনুপ্রেরণায় এবার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে হারুন অর রশীদ নামে এক কৃষক ৩৩ শতাংশ জমি লিজ নিয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন। সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাচায় ঝুলছে হলুদ ও সবুজ রঙের গ্রীষ্মকালীন তরমুজ।

প্রথমবারের মতো তরমুজ চাষ করা কৃষকের মধ্যে অন্যতম তরমুজ চাষি হারুন অর রশীদ। তরমুজ চাষের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রতিবছর শসা, টমেটো, করলা, ডাঁটাসহ অন্য শাকসবজির আবাদ করি। এ বছর প্রথম ৩৩ শতাংশ জমিতে তরমুজের আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। আমার দেখাদেখি আশপাশের মানুষ তরমুজ আবাদ করতে চান। তরমুজগুলো এক সপ্তাহের মধ্যে বিক্রি করা যাবে। তরমুজগুলোর রঙ ও স্বাদ ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় জমিতে তরমুজ চাষ করেছি। এতে খরচ হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো। উৎপাদিত তরমুজ বিক্রি করে দেড় ২ লাখ টাকা পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। ফলে উৎপাদন খরচ বাদে ১ লাখ টাকা লাভের কথা জানান হারুন।

পার্শ্ববর্তী বড়হিত ইউনিয়নের দীন ইসলাম বলেন, ‘তরমুজের আবাদ ভালো হয়েছে। এখন থেকে নিয়মিত তরমুজ আবাদ করব। তাতে লাভ বেশি হবে।’ মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের কৃষক এরশাদ, সামির, সেলিম এবং সুরুজ তরমুজ চাষে আগ্রহী হয়েছেন।

উপসহকারী কৃষি অফিসার মুহাম্মদ মুর্শেদ আলী খান বলেন, ‘আমাদের ব্লকে একজন কৃষক ৩৩ শতাংশ জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক তরমুজ চাষ করেছেন। এখানে সুগার কুইন জাতের তরমুজ রয়েছে। এজাতের তরমুজের ওপরের অংশ কালো ভেতরের অংশ লাল হয়।’

উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খান বলেন, ‘প্রতিটি ব্লকে ফলন ভালো হয়েছে। এক দুই সপ্তাহের মধ্যে ওইসব তরমুজ বাজারজাত করা যাবে। কৃষকদের তরমুজবাগান দেখে আশপাশের কৃষকেরাও তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। আশা করছি ভবিষ্যতে এ অঞ্চলে ব্যাপক হারে গ্রীষ্মকালীন তরমুজের চাষ বাড়বে।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, গ্রীষ্মকালীন তরমুজ উচ্চ মূল্যের ফসল। এ অঞ্চলের বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। তরমুজ চাষে কৃষকের সফলতা দেখছি। অন্যান্য ফসলের তুলনায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভ বেশি। বীজ রোপণের ৮০ দিনের মধ্যে বাজারজাত করা যায়। জৈব বালাইনাশক ও জৈব সার দিয়ে এর চাষ করা হচ্ছে। এটি যেমনে রসাল, তেমনি সুমিষ্ট ফল। চাষিরা যেন গ্রীষ্মকালীন তরমুজ চাষে ব্যাপকভাবে উৎসাহ পায় সেজন্য কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা এবং নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা