সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৮:৩৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ২০:৪৬ পিএম
ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ আনলোড করছেন শ্রমিকরা। প্রবা ফটো
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ছয় ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। রবিবার (২ জুলাই) বেলা ১১টায় মরিচভর্তি ট্রাকগুলো ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান জানান, পবিত্র ঈদুল আজহার কারণে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ দিন ছুটি ছিল ভোমরা স্থলবন্দরে। ফলে টানা পাঁচ দিন ভোমরা স্থলবন্দরে কোনো আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে কোনো পণ্য আসেনি। আজ পণ্যবোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয় বন্দরে। দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথরবোঝাই ট্রাক ও কাঁচা মরিচবোঝাই ছয়টি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আগামী কয়েক দিন আরও ট্রাক প্রবেশ করবে।
ভোমরা স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি এবং ১ জুলাই ভারত ও বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ ২ জুলাই থেকে পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ভোমরা বন্দরের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঈদের ছুটি শেষে রবিবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে সার্ভার জটিলতার কারণে পণ্য খালাসের অনুমতি মিলছে না। রবিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত মাত্র দুটি এলসি অনুমোদন পেয়েছে।
ভোমরা স্থলবন্দরের মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমির হামজা বলেন, ’৪৬০ ডলার এলসি মূল্যে আমার ছয় ট্রাক আমদানি করা কাঁচা মরিচের চালান প্রবেশ করেছে। সেগুলো আনলোড চলছে। আশা করি, কাঁচা মরিচের দাম কমে যাবে।’