প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১১:০৮ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১৩:১০ পিএম
ফাইল ফটো
চার দিন হ্যাকারের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভার। ফলে গ্রাহকদের অনলাইন সেবা দিতে সমস্যায় পড়ে ব্যাংটি। চার দিন পর রবিবার (২৫ জুন) সার্ভার নিজেদের নিয়ন্ত্রণে ফিরে পাওয়ার কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।
তিনি বলেন, ‘দুষ্টু লোকেরা আমাদের সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের সব ডকুমেন্ট অক্ষত আছে। ইতোমধ্যে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। হ্যাকিংয়ের ফলে সারা দেশে কাজের কিছুটা সমস্যা হয়েছে। পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাচ্ছে।’
কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত হবে। তখন বোঝা যাবে কে, কীভাবে এটি করল।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জাকির হোসেন চৌধুরী বলেন, ‘শুনেছি তাদের সার্ভার ডাউন হয়েছে। এটি অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সমস্যা হয়নি। তাদের নিজস্ব সার্ভার ডাউন হয়েছে।’
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকেই কৃষি ব্যাংকের সার্ভার কাজ করছিল না। সারা দেশের ব্রাঞ্চ ম্যানেজারদের এক অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়, হঠাৎ সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু সারা দিন অপেক্ষা করেও সার্ভার কাজ না করায় সেবা পাননি গ্রাহকরা।
নাম প্রকাশ না করে কৃষি ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজার বলেন, ‘বৃহস্পতিবার থেকেই সার্ভার কাজ করছে না। আমাদের জানানো হয়েছে, দ্রুতই ঠিক হবে। কিন্তু রবিবারও পুরোপুরি ঠিক হয়নি। একটি সার্ভার দিয়ে সব কাজ কোনো মতে চালিয়ে নিচ্ছি।’
ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সার্ভার হ্যাক হওয়ার পর থেকেই উদ্ধারের জন্য চেষ্টা শুরু করে ব্যাংকের নিজস্ব সাইবার টিম। কিন্তু তিন দিন চেষ্টা করেও শনিবার পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিশেষায়িত সাইবার টিমের সহায়তায় রবিরার সকালে নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘বিকল্প উপায়ে রান করার চেষ্টা চলছে, তাই সব সার্ভার একযোগে কাজ করছে না।’
কোনো ডকুমেন্ট নষ্ট হয়েছে কি না জানতে চাইলে এই কর্মকর্তা জানান, কিছু ডকুমেন্ট বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তা এখনও নিশ্চিত নয় ।
ব্যাংকের অন্য একটি সূত্র বলছে, হ্যাকারদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। হ্যাকার গ্রুপ একযোগে ফেরত না দিয়ে ধীরে ধীরে দিচ্ছে। বিষয়টি তাদের দাবি করা অর্থের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
এর আগে ২০২১ সালে কৃষি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়। ওই বছরের ১৫ ডিসেম্বর ‘আইয়েলদাজ টার্কিশ সাইবার আর্মি’ নামে একটি গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। তখন ব্যাংককে সতর্ক করে একটি বার্তা দিয়েছিল হ্যাকাররা।
ওই বার্তায় বলা হয়, ‘সাইট নিরাপত্তা দুর্বলতা বন্ধ করুন, অন্যথায় দূষিত হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।’ পিডিএফ ফাইলে বার্তাটি বসিয়ে দিয়ে তার নিচে তুরস্কের একটি পতাকাও দিয়েছিল হ্যাকাররা।