× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফবিসিসিআই নির্বাচন ২০২৩-২৫

পরবর্তী সভাপতি হিসেবে মাহবুবুল আলমের নাম ঘোষণা করলেন সাবেক সভাপতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৯:৩৪ পিএম

রাজধানীর একটি হোটেলে 'ডেভেলপিং স্মার্ট লিডারশিপ টু ক্রিয়েট স্মার্ট ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হিসেবে মো. মাহবুবুল আলমের নাম ঘোষণা হয়েছে। প্রবা ফটো

রাজধানীর একটি হোটেলে 'ডেভেলপিং স্মার্ট লিডারশিপ টু ক্রিয়েট স্মার্ট ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হিসেবে মো. মাহবুবুল আলমের নাম ঘোষণা হয়েছে। প্রবা ফটো

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরবর্তী সভাপতি হিসেবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলমের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতিরা। 

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 'ডেভেলপিং স্মার্ট লিডারশিপ টু ক্রিয়েট স্মার্ট ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হিসেবে মো. মাহবুবুল আলমের নাম ঘোষণা করেন তারা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন এ ঘোষণা দেন। এসময় মঞ্চে উপস্থিত থেকে এফবিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হিসেবে মো. মাহবুবুল আলমের প্রতি সমর্থন জানান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বর্তমান সভাপতি মো.জসিম উদ্দিন, সাবেক সভাপতি এ. কে. আজাদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির, আব্দুল আওয়াল মিন্টু। এসময় দাঁড়িয়ে মো. মাহবুবুল আলমের প্রতি সমর্থন জানান উপস্থিত ব্যবসায়ী নেতারাও।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন অসুস্থ থাকায় পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির স্ট্যান্ডিংর চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে যে অবস্থানে এসেছে, সেটা প্রশংসনীয়। বেসরকারি খাতের কারণে এ অবস্থায় আসা সম্ভব হয়েছে। তবে বর্তমানে ডলার সংকট, মূল্যস্ফীতি এগুলো সারাবিশ্বে আছে। বাংলাদেশেও কিছুটা আছে।

তিনি আরও বলেন, সরকার ব্যবসায়ীদের সব সুযোগসুবিধা দিচ্ছে। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী কোরবানি ঈদের পর বসবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সব ব্যবসায়ীর কথা শুনবেন। আশা করি ব্যবসায়ী সমাজের জন্য সেটি অনেক ভালো হবে।

এফবিসিসিআই সম্পর্কে সালমান এফ রহমান বলেন, এক সময় এফবিসিসিআইয়ে প্রক্সি ভোটে নেতা নির্বাচিত হতো। এখন সেই পদ্ধতি নেই। এখানে যোগ্যরাই নির্বাচিত হয়ে আসেন। দীর্ঘ সময় পর চট্টগ্রাম থেকে নেতা পাচ্ছে এফবিসিসিআই। এজন্য মো. মাহবুবুল আলমকে অভিনন্দন জানান তিনি।

এফবিসিসিআইর বর্তমান সভাপতি জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআইয়ে কাজ করার অনেক সুযোগ আছে। ভালো লিডার থাকলে সেগুলো সম্ভব। সরকার বলেছে, দেশের অর্থনীতির ৮২ শতাংশ বেসরকারি খাতের অবদান। এ সংগঠনে উপযুক্ত নেতা দরকার। আগামী নেতৃত্ব এফবিসিসিআইকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবেক সভাপতি এ. কে. আজাদ বলেন, এ সংগঠনে যিনি যখন দায়িত্বে থাকেন তখন তিনি কীভাবে সংগঠনটিকে পরিচালনা করেন সেটাই বিবেচনার বিষয়। এফবিসিসিআইয়ে অনেক সদস্য বেড়েছে। সেবার মানও সেই হারে বাড়াতে হবে।

সভাপতি প্রার্থী মো. মাহবুবুল আলম তার বক্তব্যে বেসরকারী খাতের অধিকতর উন্নয়নে তার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচিত হলে সিনিয়রদের উপদেশ এবং পর্ষদের নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে সকলে মিলে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেতৃত্ব তৈরিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। 

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালে সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উন্নত, আধুনিক ও স্মার্ট কমিউনিটি এবং স্মার্ট অর্থনীতি গঠনে কাজ করবো আমরা। এফবিসিসিআইয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতীতের মতো ভবিষ্যতেও এফবিসিসিআই বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। বেসরকারী খাতকে এগিয়ে নিতে এসময়ে সকলের সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, মো. কামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোস্তফা চৌধুরী বাবু। এসময় এফবিসিসিআইয়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা