প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৯:৩৬ পিএম
ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। ছবি : সংগৃহীত
এয়ারবাসের ৫০০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। প্যারিস এয়ার শোতে এ ক্রয়াদেশ চুক্তিতে পৌঁছেছে উভয় পক্ষ। এ চুক্তির আর্থিক মূল্য দাঁড়াতে পারে ৫ হাজার ৫০০ কোটি ডলার। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে উড়োজাহাজগুলো ডেলিভারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এয়ারবাসের এ৩২০ ও এ৩২১ মডেল থাকছে নতুন এই ক্রয়াদেশে। এ নিয়ে এয়ারবাস থেকে ১ হাজার ৩৩০টি উড়োজাহাজের ক্রয়াদেশ চুক্তি করল ভারতভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি।
পরবর্তী কয়েক বছরে জি২০-ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত সম্প্রসারণমান অর্থনীতি থাকবে ভারতের। এ সময় অনেকেই প্রথমবারের মতো আকাশপথে ভ্রমণ করবে। বিশাল এ বাজারকে সামনে রেখে বড় অঙ্কের এ ক্রয়াদেশ দিল ইন্ডিগো। বর্তমানে ভারতের অভ্যন্তরীণ অ্যাভিয়েশন বাজারের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ ইন্ডিগোর হাতে। তিন শতাধিক উড়োজাহাজ নিয়ে পরিচালিত হচ্ছে সংস্থাটি।
ভারতে করোনা মহামারির পর বিমান চলাচল ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে এর আগে গত ফেব্রুয়ারিতে ৪৭০টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়ে খবরের শিরোনাম হয়েছিল ইন্ডিগোর স্থানীয় প্রতিদ্বন্দ্বী এয়ার ইন্ডিয়া। এয়ারবাস ও বোয়িং থেকে ৪৭০টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছিল তারা। সূত্র : রয়টার্স, বিবিসি