প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৩:১৪ পিএম
বিশ্বব্যাপী বোয়িং প্লেনের চাহিদা বেড়েছে। ছবি : সংগৃহীত
বিশ্বব্যাপী বোয়িং প্লেনের চাহিদা বেড়েছে। এ কারণে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ইনকরপোরেটেড আগামী ২০ বছরের প্লেন বিক্রির লক্ষ্যমাত্রায় কিছুটা পরিবর্তন এনেছে।
বোয়িংয়ের পক্ষ থেকে আশা করা হচ্ছে আগামী ২০৪২ সালের মধ্যে ৪২ হাজার ৫৯৫টি প্লেন বিক্রি হবে। যেখানে প্রতিষ্ঠানটির গত বছর নেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল যে আগামী ২০ বছরের বোয়িং ৪১ হাজার ১৭টির কিছু বেশি প্লেন বিক্রি করতে পারবে।
যদিও প্যারিস এয়ার শোয়ের আগে সর্বশেষ প্রকাশিত পূর্বাভাসে ২০২১ সালের প্লেনের বাজার বিশ্লেষণ করে বলা হয়েছিল ৪৩ হাজার ৬১০টি নতুন প্লেন কম বিক্রি হবে। কারণ হিসেবে বলা হয় রাশিয়ার প্লেনের চাহিদা কমছে।
বোয়িং আশা করছে, ৭৩৭ ম্যাক্স বা ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের তৈরি এ৩২০এনইও মতো ন্যারো-বডি জেটগুলো বিমানের বাজারে আধিপত্য বিস্তার করবে। ফলে কম দামের প্লেনগুলোর চাহিদা বাড়ছে। যা বিদ্যমান বহরের আকার দ্বিগুণ করতে পারে বলে জানিয়েছেন বোয়িংয়ে কমার্শিয়াল মার্কেটিংয়ে ভাইস প্রেসিডেন্ট ড্যারেন হোলস্ট।
এখন থেকে আগামী ২০৪২ সালের মধ্যে ডেলিভারির জন্য ৭ হাজার ৪৪০টি ওয়াইড-বডি প্লেন, ১ হাজার ৮১০টি আঞ্চলিক বিমান এবং ৯২৫টি মালবাহী বিমান প্রস্তুত করতে পারবে বলে কোম্পানির পক্ষ থেকে আশা করা হচ্ছে। সূত্র : রয়টার্স