ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৩:২৮ পিএম
ট্যাক্স রিটার্ন প্রিপারার বিধিমালা বাতিল ও জাতীয় রাজস্ব ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বরাদ্দের দাবিতে মানববন্ধন করে। প্রবা ফটো
ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল ও জাতীয় রাজস্ব ভবনে (এনবিআর) আয়কর আইনজীবীদের জন্য জায়গা বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন। রবিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বার এসোসিয়েশনের অসংখ্য নেতাকর্মীর আন্দোলন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই রাজস্ব ভবনের সড়ক অবরুদ্ধ হয়ে যায়। দাবি আদায়ে রাজস্ব ভবন ঘেরাও করে রাখেন আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ এনবিআর ভবনের তিনটি গেটে মোতায়েন করতে দেখা গেছে।
এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, টিআরপি বিধিমালা একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪ (২) (এফ) এর সাথে সাংঘর্ষিক। এই কালো আইন সরকারের রাজস্ব বৃদ্ধিতে কোনরূপ সহায়ক নয় বরং আয়কর আদায় বাধাগ্রস্থ হবে। ফলে আয়কর অঙ্গনে দুর্নীতি ও অবৈধ প্রতিনিধিত্ব বাড়বে যা দেশের রাজস্ব বৃদ্ধিতে অন্তরায় হবে এবং জনগণ সরকারের বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষন করবে। এছাড়া এনবিআর ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বরাদ্দ ও হস্তান্তরের দাবি জানান তারা।
একই সময়ে আন্দোলনরত অবস্থায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নির্দেশে তার সংস্থার তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীরা মূল ফটক বন্ধ রেখে আইনজীবীদের উপর পানি ও বোতল ছুড়ে মারেন বলে অভিযোগ করেছেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তৌহিদ উজ্জামান খান। তিনি বলেন, এই চেয়ারম্যান এমন কালো আইন তৈরি করে বিএনপি ও জামায়াতের এজেন্টের ভূমিকা পালন করছেন। এই কালো আইন বাস্তবায়ণ করলে সরকারের ভাবমূর্তি হুমকিতে পড়বে বলে মত তার। এছাড়া তিনি জানান, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
কর্মসূচীতে অংশগ্রহণ করেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি বি.এন. দুলাল, ব্যাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) মহাসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফাসহ কয়েক বেশকিছু নবীন, প্রবীন আইনজীবী।