প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২১:১৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩ ২২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
মহাকাশ ভ্রমণের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে স্যার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন সংস্থা ভার্জিন গ্যালাকটিক। চলতি মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে একটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।
ভার্জিন গ্যালাকটিকের মহাকাশ ভ্রমণের বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা প্রকাশের পর নিউইয়র্কের পুঁজিবাজারে ভার্জিন কোম্পানির শেয়ার লেনদেন বাড়তে শুরু করেছে। ফলে গ্যালাকটিকের শেয়ারদর ৪০ শতাংশ বেড়েছে।
ভার্জিন গ্যালাকটিক তাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইটের বিষয়ে জানায়, প্রথম ফ্লাইটটি একটি বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক মিশন হবে। মাইক্রোগ্রাভিটি গবেষণা পরিচালনার জন্য ইতালির বিমানবাহিনী এবং ইতালির জাতীয় গবেষণা কাউন্সিলের তিনজন ক্রু সদস্যকে বহন করবে।
সংস্থাটি আরও জানায়, তাদের দ্বিতীয় বাণিজ্যিক স্পেস ফ্লাইটটি আগস্টের শুরুতে পরিচালিত হবে। তখন থেকেই মূলত মাসিক ভিত্তিতে বাণিজ্যিক স্পেস ফ্লাইট পরিচালনার কাজ শুরু হবে বলে আশা করছেন তারা।
বাণিজ্যিকভিত্তিক ফ্লাইট চালুর বিষয়টি ১৯ বছর বয়সি ভার্জিন গ্যালাকটিকের একটি মাইলফলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আসতে সংস্থাটিকে একাধিক দুর্ঘটনা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে।
এদিকে চলতি বছরের মে মাসে ভার্জিন অরবিট নামের আরেকটি বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ সংস্থার একটি মিশন ব্যর্থ হওয়ার পরে সংস্থাটি বন্ধ হয়ে যায়।
সূত্র : বিবিসি