প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৬:৫৩ পিএম
শেতাঙ্গ হওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্টারবাকসের এক কর্মী শ্যানন ফিলিপস। বিষয়টি নিয়ে মার্কিন আদালতে যান তিনি। আদালত স্টারবাকসের বিরুদ্ধে শ্যাননের করা অভিযোগের সত্যতা পেয়েছেন। অবশেষে চার বছরের মাথায় তার পক্ষে রায় এলো। আদালত রায়ে শ্যাননকে ২ কোটি ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
শ্যানন ১৩ বছরেরও বেশি সময় ধরে স্টারবাকসে কাজ করেছেন। তিনি ফিলাডেলফিয়া স্টারবাকসের একজন আঞ্চলিক ম্যানেজার ছিলেন। কিন্তু ২০১৮ সালে এক ঘটনার পর তাকে চাকরিচ্যুত করে স্টারবাকস।
সেসময় শ্যানন অভিযোগ করেন, তিনি শেতাঙ্গ হওয়ার কারণেই তাকে ছাঁটাই করা হয়। ২০১৯ সালে বিষয়টি নিয়ে আদালতে যান তিনি। অবশেষে গত সোমবার এই মামলায় জয় হলো তার।
জানা গেছে, ২০১৮ সালে ফিলাডেলফিয়া স্টারবাকসে দুই কৃষ্ণাঙ্গ পুরুষকে গ্রেপ্তারের পরই শ্যাননের বিরুদ্ধে ওই ব্যবস্থা নিয়েছিল স্টারবাকস। নিউ জার্সির আদালতে স্টারবাকসের ওই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে রায় দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বাবদ স্টারবাকসকে ২ কোটি ৫৬ লাখ ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আড়াই কোটি ডলার হচ্ছে শাস্তিমূলক ক্ষতিপূরণ এবং ৬ লাখ ডলার হচ্ছে ক্ষতিপূরণ বাবদ। স্টারবাকস জানিয়েছে, তারা এমন রায়ে অসন্তুষ্ট, বিষয়টি নিয়ে তারা পরবর্তী সময়ে আরও পদক্ষেপ নেবে। সূত্র : সিএনএন