প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি এবং নারী শিক্ষার হার বৃদ্ধি করার উদ্দেশ্যে নেওয়া হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন হিট প্রকল্পে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৪৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) দেবে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (১৩ জুন) এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, মিজ্ শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বিশ্বব্যাংক, ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মিস্টার আব্দুল্লায়ে সেক অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
সেখানে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক এই প্রকল্পটি জানুয়ারি ২০২৩ হতে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এসডিআর-এ বর্ণিত ঋণ গ্রহণ করা হবে এবং গৃহীত ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এসডিআরে গৃহীতব্য ঋণের অর্থের উপর বার্ষিক ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে। অনুত্তোলিত অর্থের উপর বার্ষিক ০.৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রদেয় হবে। তবে, বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে কমিটমেন্ট ফি মওকুফ করে আসছে।