প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
তিউনিসিয়ার জন্য একটি সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্যাকেজের আওতায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, পারস্পরিক জ্বালানি সহযোগিতা এবং অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এক বিবৃতিতে রবিবার এই প্যাকেজ ঘোষণা করেন।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনার পর এক বিবৃতিতে ভন ডার লেইন বলেন, ‘ইইউ এবং তিউনিসিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করতে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘তিউনিসিয়ার সঙ্গে একটি বড় প্যাকেজ নিয়ে কাজ করছি। আমরা তিউনিসিয়াকে ৯০ কোটি ইউরো সামষ্টিক আর্থিক সহায়তা এবং ১৫ কোটি ইউরো বাজেট সহায়তা হিসেবে বিবেচনা করছি।’
এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানিয়েছে, তিউনিসিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। সেক্ষেত্রে ছোট এবং মাঝারি আকারের উদ্যোগসহ সব ধরনের ব্যবসার সুযোগ কাজে লাগানো হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি ইইউ এবং তিউনিসিয়ার জন্য নানামুখী বাস্তব সুবিধা তৈরি করার ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। ইইউ এবং তিউনিসিয়া কৌশলগত অগ্রাধিকারগুলো শেয়ার করবে।
উল্লেখ্য, ত্রিপক্ষীয় ইউরোপীয় প্রতিনিধিদল ইইউ এবং তিউনিসিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, শক্তি এবং অভিবাসন বিষয়ে আলোচনার জন্য একটি অঘোষিত সফরে রবিবার তিউনিসিয়ায় পৌঁছেছে। সূত্র : আলজাজিরা