প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৮:২৬ পিএম
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফাইল ফটো
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেড়শো কোটি টাকার বন্ড ছাড়তে চায়। এ বন্ডের মেয়াদকাল হবে ৫ বছর। সোমবার (১২ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বন্ডটি হবে আংশিক রূপান্তরযোগ্য। অর্থাৎ এই বন্ডের অংশ বিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। একইসঙ্গে এটি হবে সম্পূর্ণ রূপান্তরযোগ্য ও কুপনযুক্ত বন্ড। আর এর সুদের হার হবে ভাসমান, যা প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রদান করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে নাভানা ফার্মাসিউটিক্যালস।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তার আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। এইজন্য আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ইজিএমের জন্য আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।