প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
আর্থিক মন্দার শঙ্কার অজুহাত দেখিয়ে ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা। কোম্পানিটির এমন সিদ্ধান্তে মেটার সিইও মার্ক জাকারবার্গের ওপর বিশ্বাস হারিয়েন সংস্থাটির কর্মীরা। সংস্থার অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, ৭০ শতাংশের বেশি কর্মীর মেটা সিইওর ওপর আস্থা নেই। মাত্র ২৬ শতাংশ কর্মী ভরসা রাখেন জাকারবার্গের নেতৃত্বে।
গত বছরের অক্টোবরে মেটা সিইওর নেতৃত্বে আস্থা ছিল সংস্থার ৩১ শতাংশ কর্মীর। কিন্তু গত সাত মাসে ওই আস্থার ভিত অনেকটাই দুর্বল হয়েছে। ৫ শতাংশ কর্মী নতুন করে জাকারবার্গের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন। যেভাবে আর্থিক মন্দার শঙ্কাকে হাতিয়ার করে জাকারবার্গ কয়েক মাস অন্তর মেটার মালিকানাধীন বিভিন্ন সংস্থা থেকে কর্মীদের ছাঁটাই করেছেন, তাতে সংস্থাটির কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
গত এক বছরের বেশি সময় ধরে আয় কমে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম এ প্রতিষ্ঠানের। খরচ কমিয়ে সংস্থার নতুন পলিসির কথা বলছেন মেটার সিইও। গত বৃহস্পতিবারও মেটা মালিকানাধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাকারবার্গ। ওই বৈঠকে সংস্থার আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কীভাবে সংস্থা কাজ করতে চায়, তা ব্যাখ্যা করেন মেটা সিইও। যদিও খরচ বাঁচাতে ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটা হবে কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি জাকারবার্গ। সূত্র : এনডিটিভি