প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২০:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। গত শুক্রবার বিশ্বব্যাংকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন।
৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী পাঁচ বছরের জন্য তিনি এ পদে থাকবেন। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বাঙ্গাকে মনোনীত করবে।
শুক্রবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে অজয় বাঙ্গার ছবিসহ টুইট করে বলা হয়েছে, ‘বিশ্বব্যাংক গ্রুপের নতুন প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যোগ দিন। আমরা একটি বাসযোগ্য গ্রহে দারিদ্র্যমুক্ত বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বাঙ্গাকে নতুন দায়িত্ব নেওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এক টুইটে তিনি লিখেছেন, ‘আমি অজয় বাঙ্গাকে শুভেচ্ছা জানাই, কারণ তিনি আজ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করছেন। ভালো কিছু করতে এবং সবচেয়ে বেশি যাদের প্রয়োজন তাদের সাহায্য করতে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে গভীর অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদে ছিলেন ডেভিড ম্যালপাস। তিনি গত ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া