× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসনবান্ধব বাজেট চাই

সোহেল চৌধুরী

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৩:৪২ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৩:৫২ পিএম

আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ও শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন। প্রবা ফটো

আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ও শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন। প্রবা ফটো

আলমগীর শামসুল আলামিন। আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ও শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক। আসছে বাজেটে আবাসন খাতের প্রত্যাশা নিয়ে তিনি কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। তিনি আশা করেন, আসছে বাজেট হবে রিয়েল এস্টেট বা আবাসনবান্ধব। ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের মধ্যে আনতে সরকারের বিশেষ নজরের বিকল্প নেই বলেও জানান তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সোহেল চৌধুরী

আসছে বাজেটে রিহ্যাবের প্রত্যাশা কী?

শামসুল আলামিন : দেশের অর্থনীতির সার্বিক অবস্থা ভেবে অর্থাৎ ডলার সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনাপরবর্তী পরিস্থিতি মাথায় রেখে একটি ব্যবসা ও রিয়েল এস্টেটবান্ধব বাজেট হবে বলে প্রত্যাশা করছে রিহ্যাব। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাট বিক্রি অনেকটা কমে গেছে। মধ্যবিত্তের নাগালের বাইরে ফ্ল্যাটের দাম চলে যাওয়ায় বিকিকিনি আগের মতো নেই। এখন এটাকে নাগালের মধ্যে আনতে হলে এ খাতের ওপর সরকারকে বাজেটে বিশেষ নজর দিতে হবে। এতে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করছি।

বাজেটে আপনাদের দাবিগুলোয় কতখানি সাড়া পেয়ে থাকেন?

শামসুল আলামিন : সত্যি বলতে এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ যে, আমাদের সঙ্গে আলাপ-আলোচনা হয় ঠিকই, প্রস্তাবও নেওয়া হয় কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাই না। আমরা চাই আমাদের দাবি বা প্রস্তাবগুলো আমলে নিয়ে বাস্তবায়ন করা হোক। এতে সবাই উপকৃত হবে।

করপোরেট করহার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?

শামসুল আলামিন : করপোরেট করহার নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমাদের চিন্তা হলো রেজিস্ট্রেশন খরচ নিয়ে। এক্ষেত্রে ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশন-সংশ্লিষ্ট কর ও ফি সর্বমোট ৭ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

কোন কোন খাতের ওপর বিশেষ জোর দেওয়া দরকার বলে আপনি মনে করেন?

শামসুল আলামিন : ইন্ডাস্ট্রিয়াল খাতের ওপরই বাজেটে বেশি ফোকাস করা উচিত বলে আমি মনে করি। কেননা, এ খাতের বিকাশের মাধ্যমেই বেশি কর্মসংস্থান করা সম্ভব। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গতিশীল থাকলে দেশের অর্থনীতি গতিশীল থাকে। আমাদের আবাসন খাতের সঙ্গেই জড়িত আছে ২৭০টি সাব সেক্টর। কোটি কোটি মানুষের রুটি-রুজি এ খাতের মাধ্যমে হচ্ছে। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল খাতের ওপর ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে।

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিষয়ে রিহ্যাবের মন্তব্য কী?

শামসুল আলামিন : এবারের বাজেটেও আমরা আবাসন খাতের জন্য বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চাই। তার কারণ ২০২০-২১ অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়ায় ২০ হাজার কোটি টাকা আমাদের রিয়েল এস্টেটে সংযোজন হয়েছিল। এতে সরকার এই ইস্যুতে ২ হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে। তাই আমরা মনে করি এই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ যদি আবার চালু করে তবে এখানে অনেক টাকা বিনিয়োগ হবে, যা অর্থনীতিতে বড় আকারের সুফল বয়ে আনবে। কেননা, টাকা বিদেশে চলে যাওয়ার বিপরীতে দেশেই বিনিয়োগ হোক এটাই আমাদের প্রত্যাশা।

সামনে ফ্ল্যাটের দাম কেমন হতে পারে?

শামসুল আলামিন : ফ্ল্যাট তৈরির জন্য কনস্ট্রাকশন মেটেরিয়ালের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আগামীতে ফ্ল্যাটের দাম ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এখন দাম কমানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। এ জন্য ডলারের দাম কমানোর পাশাপাশি রেজিস্ট্রেশন খরচ কমাতে হবে। একই সঙ্গে কাঁচামাল আমদানির ওপর কর ছাড় দিতে হবে। তবেই সামনে কমবে ফ্ল্যাটের দাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা