প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৯:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
বেশ কিছু জরুরি আসন বিক্রি বন্ধ করেছে দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইনস। সম্প্রতি মাঝ আকাশে বিমানের দরজা খুলেছিলেন এই এয়ারলাইনসেরই একজন যাত্রী। ফলে বিমানে প্রচণ্ড বেগে বাতাস ঢুকতে থাকে। তৈরি হয় আতঙ্ক। এমনকি অসুস্থও হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় অনেক যাত্রীকে। তাই নতুন করে এসব দুর্ঘটনা এড়াতে এবার এমন সিদ্ধান্ত নিল এশিয়ানা এয়ারলাইনস।
গতকাল রবিবার থেকে এশিয়ানা এয়ারলাইনসের ৩১-এ এবং ২৬-এ অন্তর্ভুক্ত ১৪টি আসন আর বিক্রি করা হবে না বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। এমনকি নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ফ্লাইট পূর্ণ হলেও এই ব্যবস্থা চালু থাকবে।
গত শুক্রবার এশিয়ানা এয়ারলাইনসের এ৩২১-২০০ প্লেনটি ২০০ জন যাত্রী নিয়ে জেজু দ্বীপ থেকে দক্ষিণ কোরিয়ার দেগুতে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এক যাত্রী এর একটি জরুরি দরজা খুলে দেন। মাটি থেকে তখন প্লেনটির উচ্চতা ছিল অন্তত ৭০০ ফুট। যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
এদিকে বিমান নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে দেগুতে সে যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল হতে পারে তার।
সূত্র : খালিজ টাইমস