প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩ ২১:১১ পিএম
আপডেট : ২৫ মে ২০২৩ ২১:১২ পিএম
ছবি : সংগৃহীত
সরকার প্রতিবছর যে বাজেট ঘোষণা করে, তার পুরোটা দেশীয় উৎস থেকে মেটানো সম্ভব হয় না। নির্ভরশীল হতে হয় বৈদেশিক ঋণের বাজেট সহায়তার জন্য। অভ্যন্তরীণ উৎসে সম্পদ অর্জন ও রাজস্ব আয় কম হওয়ায় বিদেশি ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেয় সরকার। এবারও চলতি অর্থবছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের প্রথম সপ্তাহেই এ বাজেট সহায়তার ঋণচুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমান্বয়ে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের তহবিল বাড়াতে সহায়তা করবে এডিবির বাজেট সহায়তা।
এশীয় উন্নয়ন ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের একটি বাজেট সহায়তা দেওয়ার কথা রয়েছে। তবে এখনও এডিবির বোর্ডে অনুমোদন হয়নি। অনুমোদন হলেই তারপর চুক্তি হবে।
চলতি অর্থবছরের ২৪ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। সাড়ে তিন মাসের আমদানি সুরক্ষিত করার জন্য যা যথেষ্ট। বিশ্বব্যাংকের দেওয়া বাজেট সহায়তা যোগ হওয়ার পর এ রিজার্ভ বেড়েছিল বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন অর্থবছরে ক্রমাগত ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে এ বাজেট সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দাতা সংস্থা ও দেশগুলো সাধারণত উন্নয়ন প্রকল্পের অনুকূলে অর্থ দেয়। এ ধরনের অর্থসহায়তা পেতে নির্দিষ্ট একটি প্রকল্প তৈরি করতে হয়। এরপর ওই প্রকল্প ধরে দাতাদের সঙ্গে দরকষাকষি চলে। কিন্তু বাজেট সহায়তার অর্থ দিয়ে সরকার নির্দিষ্ট কোনো প্রকল্প বাস্তবায়ন করে না। বাজেট সহায়তার অর্থ সরকার যেকোনো খাতে খরচ করতে পারে। তাই চাপ সামলাতে বাজেট সহায়তার অর্থ নেওয়া সরকারের জন্য বেশি সুবিধাজনক। তবে এ জন্য কিছু শর্ত পূরণ করতে হয়।
এডিবির সঙ্গে এখন বাজেট সহায়তার যে দরকষাকষি হয়েছে, তাতে বেশ কিছু শর্ত রয়েছে। যেমনÑ ব্যবসার পরিবেশ উন্নয়ন, জ্বালানির দাম নির্ধারণ, ভর্তুকিসহ বিভিন্ন খাতে নীতি সংস্কার আনতে হবে। এসব শর্ত কতটা বাস্তবায়িত হলো, তা নিয়মিত নজরে রাখবে এডিবি। বাজেট সহায়তার জন্য কোনো খাত দেখাতে না হলেও এডিবির বাজেট সহায়তার অর্থের খরচের খাত জানাতে হয়। এবারের যে ৪০ কোটি ডলারের বাজেট সহায়তা দেওয়া হচ্ছে, তা সরকার সামাজিক নিরাপত্তা খাতে খরচ করতে চায় বলে জানা গেছে।
এডিবির নেতৃত্বে কো-ফান্ডিং উদ্যোগের মাধ্যমে চলতি অর্থবছরে বাংলাদেশ প্রায় দুই বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পেয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ক্রমবর্ধমান চাপ কমাবে। দুই ধাপে এই তহবিল বাংলাদেশে আসার কথা রয়েছে। প্রথম ধাপে এপ্রিলে ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার এবং জুনে আরও প্রায় ১ বিলিয়ন ডলার আসার কথা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ সরকারকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিয়েছে এডিবি। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি বিদ্যুৎ, শিক্ষা, পরিবহন, জ্বালানি, পানিসম্পদ, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, আর্থিক ও বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।
২০২২ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, এডিবি বাংলাদেশ সরকারকে ২৭ দশমিক ৫৫৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে।