× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প কমিশনিং শুরু ২৫ জুন, উদ্বোধন আগস্টে

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৩:২২ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:৪৬ পিএম

সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প কমিশনিং শুরু ২৫ জুন, উদ্বোধন আগস্টে

অবশেষে চালু হতে যাচ্ছে দেশের জ্বালানি খাতে যুগান্তকারী মেগাপ্রকল্প ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। চালুর আগে আগামী ২৫ জুন শুরু হতে যাচ্ছে প্রকল্পটির অয়েল ফিলিং কমিশনিংয়ের কাজ। কমিশনিং শেষ হলেই খুব শিগগির প্রকল্পটি চালু করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. শরিফ হাসনাত। কমিশনিং শেষ হলে জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে প্রকল্পটি চালু করা হবে বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কর্তৃপক্ষ।

শরিফ হাসনাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসপিএম প্রকল্পের নির্মাণকাজ শেষ। আগামী ২৫ জুন অয়েল ফিলিং কমিশনিংয়ের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে আমরা সাগর থেকে মহেশখালীর কালারমার ছড়া স্টোরেজ ট্যাংকে তেল নেব। ওই অংশের ১৬ কিলোমিটার পাইপলাইন কমিশনিং করার পর সেখানে অনেকগুলো হেজ, সার্কিট ভাল্ব আছে সেগুলো চেক করব। এরপর স্টোরেজ থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত পাইপলাইন কমিশনিং করা হবে। প্রথমে ক্রুড অয়েলের লাইন কমিশনিং করা হবে। এরপর ডিজেল অয়েলের লাইন কমিশনিং করা হবে বলে তিনি জানান।

গতানুগতিক পদ্ধতি সময়সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় গভীর সমুদ্রে মুরিং পয়েন্ট নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে তেল আনার লক্ষ্যে ২০১৫ সালে এ প্রকল্প হাতে নেয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। শুরুতে তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও পরে দুই দফায় সময় বাড়ানো হয়। তৃতীয় সংশোধনী অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন মেয়াদ চলতি বছরের জুনে শেষ হবে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তারা প্রকল্পটি চালু করতে পারবেন। 

এ সম্পর্কে জানতে চাইলে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২৫ জুন কমিশনিং শুরু হলে এক মাসের মতো কমিশনিংয়ে সময় যাবে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আশা করছি জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে প্রকল্পটি চালু করতে পারব। ওই সময় প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধন করবেন। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।’

এতদিন আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটার জাহাজে ইস্টার্ন রিফাইনারিতে ট্যাংকে আনা হতো। এতে সময় লাগত ১১-১২ দিন। 

ইআরএল কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি চালু হলে সমপরিমাণ তেল পরিবহনে সময় লাগবে মাত্র ৪৮ ঘণ্টা। এতে বছরে সাশ্রয় হবে কমপক্ষে ৮০০ কোটি টাকা। একই সঙ্গে কমবে সিস্টেম লস। পাশাপাশি বাড়বে তেল মজুদের সক্ষমতা। 

প্রকল্পটির আওতায় ২২০ কিলোমিটার পাইপলাইনের পাশাপাশি মহেশখালীর কালারমার ছড়া এলাকায় তৈরি করা হয়েছে ছয়টি বিশালাকার স্টোরেজ ট্যাংক। কালারমার ছড়া এলাকায় প্রায় ৯০ একর জায়গা অধিগ্রহণ করে এই ছয়টি স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হয়। এর মধ্যে পরিশোধিত তেলের জন্য তৈরি করা হয় তিনটি স্টোরেজ ট্যাংক। এর ধারণক্ষমতা ১৫০ হাজার ঘনমিটার। অপরিশোধিত তেলের জন্য তৈরি করা বাকি তিনটি স্টোরেজ ট্যাংকের ধারণ ক্ষমতা ৯০ হাজার ঘনমিটার।

প্রসঙ্গত, এসপিএম প্রকল্পে খরচ হচ্ছে ৭ হাজার ১২৪ কোটি টাকা। এর মধ্যে ৪ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে চীন সরকার। এ ছাড়া বিপিসি ১ হাজার ৮৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দিচ্ছে ৬০১ কোটি টাকা। প্রকল্পের অধীনে ১ সেট এসপিএম-পিএলইএম, ১টি ভাসমান বয়া, ২২০ কিলোমিটার পাইপলাইন, ২ লাখ ৮৮ হাজার ঘনমিটারের ৬টি স্টোরেজ ট্যাংক, ৩টি ব্লক ভাল্ব স্টেশন নির্মাণ করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা