প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০ পিএম
সূচকের উর্ধ্বমুখি প্রবণতায় মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও শেষ ঘন্টায় তা নিম্নমুখি হতে থাকে। দুপুর ১ টার পর দর হারাতে শুরু করে প্রায় সব শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে যে ৭৬ পয়েন্ট যুক্ত হয়েছিল তা দ্রুত হারিয়ে যায়। ফলে দিনের লেনদেন শেষ হয় ৪ পয়েন্ট হারানোর মধ্যে দিয়ে। ফলে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৭৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৪৫ টির দর।
এছাড়া ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। লেনদেনের পরিমান ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৪২ কোটি টাকা বেশি। এমনকি এ লেনদেন ২০১০ সালের পর সর্বোচ্চ। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের। প্রতিষ্ঠানটির ৩৪২ কোটি টাকা টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর লেনদেনে দ্বিতীয়স্থানে থাকা ওরিয়ন ফার্মার লেনদনে হয়েছে ৩২৭ কোটি টাকা। এছাড়া ১৫৫ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের। এই তিনটি প্রতিষ্ঠানের মোট লেনদেন হয়েছে ৮২৪ কোটি টাকা। যা মোট লেনদেনের ২৯ দশমিক ১১ শতাংশ।
অন্যদিকে সূচকের বড় দরপতন হয়েছে ডিএসইর এসএমই বোর্ডে। ডিএসএমই-এক্স ১০৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৬২৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে সবকটির দাম কমেছে।
ডিএসইতে সূচক নেতিবাচক হলেও অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে লেনদেন শেষ হয়েছে ইতিবাচক প্রবণতায়। তবে লেনদেন পরিমান নেমে এসেছে প্রায় অর্ধেকে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি ৮৫ লাখ টাকা কম।
প্রবা/রনি