প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৩ ১৬:১৭ পিএম
প্রবা ফটো
পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সিকিউরিটিজ-সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার (১৮ মে) সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) তত্ত্বাবধানে আয়োজিত ‘কমপ্লায়েন্স অ্যাফেয়ারস অব দ্য লিস্ট কোম্পানিজ’ শীর্ষক সার্টিফিকেট কোর্স প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
এ সময় সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এক্ষেত্রে বিএসইসি সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান তিনি।
উক্ত প্রোগ্রামে পুঁজিবাজারে কমপ্লায়েন্সের গুরুত্ব; আইপিও, কিউআইও, আরপিও, রাইট ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিংয়ের প্রক্রিয়া ও পদ্ধতি এবং সে সংশ্লিষ্ট আইন ও বিধি; ডেবট্ সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং ও সংশ্লিষ্ট আইন; ইস্যুয়ার-সংক্রান্ত আইন, এসএমই ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড; করপোরেট গভর্ন্যান্স কোডের ওপর রেগুলেটরি কমপ্লায়েন্স; মার্জার ও অধিগ্রহণের প্রক্রিয়া ও সে সংক্রান্ত কমপ্লায়েন্স; মূল্য সংবেদনশীল তথ্য ও ইনসাইডার ট্রেডিংসংক্রান্ত আইন ও বিধি; বিভিন্ন সিকিউরিটিজের তালিকাভুক্তি এবং তাদের ধারাবাহিক কমপ্লায়েন্স; হাইব্রিড এজিএম ও ই-ভোটিং এবং লভ্যাংশ ঘোষণা ও বণ্টনসংশ্লিষ্ট কমপ্লায়েন্স ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হয়। সর্বোপরি, অংশগ্রহণকারীদের সিকিউরিটিজ-সংক্রান্ত আইন এবং কমপ্লায়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
১৭ থেকে ১৯ মে তিন দিনব্যাপী আয়োজিত কর্মশালায় অংশ নেন পুঁজিবাজারের ইস্যুয়ার কোম্পানিগুলোর কোম্পানি সেক্রেটারি, চিফ ফিনান্সিয়াল অফিসার, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসাররা।