প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৭:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. সগীর হোসেন খান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. সগীর হোসেন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গত ১১ মে থেকে দায়িত্ব পালন করেছেন। পিপলস লিজিংয়ে যোগদানের আগে সগীর হোসেন খান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন।
এদিকে পুঁজিবাজারে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ৮৭ দফায় বাড়ানো হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন গত ১৪ থেকে ২৯ মে পর্যন্ত বন্ধ রেখেছে। এর আগে সর্বশেষ ৮৬ দফায় ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এর আগে আরো ৮০ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানির শেয়ারে আটকা পড়েছেন বিনিয়োগকারীরা।