প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৫:৪৩ পিএম
প্রবা ফটো
২০২১-২২ অর্থবছরে ৩০ হাজার ১০০টি কোম্পানি আয়কর রিটার্ন জমা হয়েছিল। কিন্তু চলতি ২০২২-২৩ অর্থবছরের মার্চ পর্যন্ত ২১ হাজার ৪৯৯টি কোম্পানি আয়কর রিটার্ন জমা পড়েছে। গত বছরের তুলনায় পিছিয়ে থাকা ও অনেক কোম্পানির আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপন জারি করে করপোরেট করদাতাদের রিটার্নের সময় বাড়িয়েছে। কোম্পানি করদাতারা তাদের বার্ষিক আয়কর রিটার্ন আগামী ১৫ জুন পর্যন্ত জমা দিতে পারবেন।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মহিদুল ইসলাম চৌধুরীর সই করা ‘কোম্পানি শ্রেণির করদাতার ২০২২-২৩ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিতকরণ’ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব কোম্পানির করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন, তাদের জন্য এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বর্ধিত করল।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হয়। ক্যালেন্ডার বছর শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এই রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে।
সে হিসেবে ২০২২ সালের বার্ষিক আয়কর রিটার্ন ২০২৩ সালের ১৫ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার শেষ সময় ছিল। নানা কারণে ব্যবসায়ীরা সময়মতো রিটার্ন জমা দিতে পারেননি। তারা রিটার্নের সময় বাড়ানোর আবেদন করেছেন। তাদের সুবিধার্থে কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
এনবিআরের তথ্যমতে, দেশে এক লাখ ৬৭ হাজার ১৩৫ জন করপোরেট টিআইএনধারী রয়েছেন। তার মধ্যে চলতি ২০২২-২৩ অর্থবছরের মার্চ পর্যন্ত ২১ হাজার ৪৯৯টি কোম্পানি আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
কোম্পানি সংশ্লিষ্টরা জানান, করপোরেট করদাতাদের রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা দরকার। বর্তমানে করপোরেট করদাতাদের এক বছরের মধ্যে ২৬ ধরনের নথি জমা দিতে হয়। যা অনেক জটিল এবং সময় সাপেক্ষ।
তা ছাড়া তালিকাভুক্ত কোম্পানি ২০ শতাংশ, তালিকা বহির্ভূত কোম্পানি ২৭ দশমিক ৫০ শতাংশ, তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৩৭ দশমিক ৫০ শতাংশ, তালিকা বহির্ভূত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৪০ শতাংশ, মার্চেন্ট ব্যাংক ৩৭ দশমিক ৫০ শতাংশ, সিগারেট কোম্পানি ৪৫ শতাংশ, মোবাইল অপারেটর কোম্পানির যথাক্রমে ৪০ শতাংশ ও ৪৫ শতাংশ করপোরেট কর বিদ্যমান রয়েছে।
এনবিআর সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থবছরে ২৭ হাজার ২৮৬টি, ২০১৮-১৯ অর্থবছরে ২৭ হাজার ৬৮০টি, ২০১৯-২০ অর্থবছরে ২৫ হাজার ২৫০টি, ২০২০-২১ অর্থবছরে ২৯ হাজার ৭৮৫টি এবং ২০২১-২২ অর্থবছরে ৩০ হাজার ১০০টি কোম্পানি আয়কর রিটার্ন জমা দিয়েছে।