× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ লাখ ৭৪ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৮:০৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নতুন অর্থবছরের জন্য ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিপিতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। নতুন এডিপির মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৮৯৫ কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে খরচ করা হবে। আর ৯৪ হাজার ৭৭৮ কোটি টাকা দেবে বিভিন্ন উন্নয়ন সহযোগীরা।

বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

এবারের অনুমোদিত এডিপি পর্যালোচনা করে দেখা গেছে, পরিবহন ও যোগাযোগ খাতের জন্য মোট বরাদ্দের মধ্যে ৪৪ হাজার ৫৭১ কোটি টাকা সরকারি ব্যয় এবং উন্নয়ন সহযোগীরা দেবে ৩১ হাজার ৩৭৩ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৪ হাজার ৬২ কোটি টাকা। এর পরেই রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৪ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  

এ ছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৪৭৩ কোটি, সেতু বিভাগের জন্য ৯ হাজার ৬৪ কোটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৪৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৭৭৫ কোটি টাকা। 

এর পরেই রয়েছে শিক্ষা খাত। শিক্ষা অবকাঠামো ও উচ্চশিক্ষার উন্নয়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং করোনার ক্ষতি পুষিয়ে নিতে নতুন অর্থবছরের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা। যা মোট এডিপির ১১ দশমিক ৩৬ শতাংশ। এটি সবগুলো খাতের এডিপির মধ্যে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন রয়েছে চতুর্থ অবস্থানে। এই বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের জন্য ১৬ হাজার ১৭৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলির জন্য ২৭ হাজার ৪৫ কোটি, স্বাস্থ্য খাতে ১৬ হাজার ২০৪ কোটি, কৃষিতে ১০ হাজার ৭০৭ কোটি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদের জন্য ৮ হাজার ৯৯৫ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৬২ কোটি, জনশৃঙ্খলা ও সুরক্ষায় ৩ হাজার ৪৩৬ কোটি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে ৫ হাজার ৩২১ কোটি, ধর্ম, সংস্কৃতি ও বিনোদনে ২ হাজার ২৯০ কোটি, সাধারণ সরকারি সেবা খাতে ২ হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। আগামী অর্থবছরে সবচেয়ে  কম বরাদ্দ পাচ্ছে প্রতিরক্ষা খাত। এ খাতের বরাদ্দ ১ হাজার ১০ কোটি টাকা।

এদিকে বেশি বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে ১২ হাজার ১৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পেয়েছে ১৪ হাজার ৮৫ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পেয়েছে ১২ হাজার ৯৮০ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগ পেয়েছে ১২ হাজার ২০৯ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয় পেয়েছে ১৪ হাজার ৯৬০ কোটি টাকা, নৌ-পরিবহন মন্ত্রণালয় পেয়েছে ৯ হাজার ৪৭৩ কোটি টাকা, সেতু বিভাগ পেয়েছে ৯৬৪ কোটি টাকা। এদিকে চলতি অর্থবছরের নতুন প্রকল্পের জন্য ১৬ হাজার ৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে এডিপিতে বড় প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৭০৬ কোটি টাকা। বঙ্গবন্ধু টানেল প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৭৩৫ কোটি টাকা। পদ্মা রেল সেতু প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৫০০ কোটি টাকা, এমআরটি লাইন-৬-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৪২৫ কোটি টাকা, এমআরটি-১-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৯১০ কোটি টাকা। এমআরটি-৫-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৮০ কোটি টাকা। দোহাজারী রামু কক্সবাজার রেল প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৪৯৮ কোটি টাকা। ঢাকার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৮৭০ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা