প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৪:১৫ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৪:১৬ পিএম
লন্ডনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জয়েন্ট কমিউনিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন
ইউরোপের এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন, উড়োজাহাজ কেনা এবং বাংলাদেশের অ্যাভিয়েশন খাত উন্নয়নে বাংলাদেশ ও যু্ক্তরাজ্যের মধ্যে একটি জয়েন্ট কমিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে দুই দেশের অ্যাভিয়েশন অংশীদারিত্ব।
গতকাল শুক্রবার (৫ মে) যুক্তরাজ্যের লন্ডনে এই জয়েন্ট কমিউনিক স্বাক্ষরিত হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী।
জয়েন্ট কমিউনিক স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন বলেন, ‘একটি কার্যকর এভিয়েশন পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন ইন্ড্রাস্ট্রি শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান তৈরি হবে।’
এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘এই উদ্যোগের ফলে এয়ারবাস ও বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হতে পারে। যার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বর্তমান সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে।’
এই উদ্যোগের ফলে বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ড্রাস্ট্রির উন্নয়ন হবে। পাশাপাশি যুক্তরাজ্যসহ এয়ারবাসের অন্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে। এই উড়োজাহাজ কেনার ক্ষেত্রে যুক্তরাজ্যের এক্সপোর্ট ফাইন্যান্স থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ।