প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ২২:২৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ২২:২৬ পিএম
সংগৃহীত ছবি
পুঁজিবাজারের মার্জিন ঋণের শর্ত আরও সহজ করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ৩০ কোটি টাকার উপর পরিশোধিত মূলধনের কোনো কোম্পানির শেয়ারের প্রাইস আর্নিং রেশিও (পিই রেশিও) ৫০ হলেও মার্জিন ঋণ দিতে পারবে বাজার সংশ্লিষ্টরা।
তবে এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। তিন বছর নিয়মিত লভ্যাংশ প্রদান করছে, এমন ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ে ৫০ পিই রেশিও পর্যন্ত মার্জিন ঋণ দেওয়া যাবে।
বুধবার (৩ মে) বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য উল্লেখ করা হয়।
এর আগে ১৮ এপ্রিল এক নির্দেশনায়, ৫০ কোটি টাকার ওপর পরিশোধিত মূলধন আছে এমন কোম্পানি শেয়ার কেনার জন্য ৫০ পিই রেশিও পর্যন্ত মার্জিন সুবিধা দেওয়া হয়েছিল। যা নতুন নির্দেশনায় ৩০ কোটির কোম্পানিতে নামানো হয়েছে।
আগে পিই রেশিও ৪০ ছিল শেয়ার কেনায় মার্জিন ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা।
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ও তারল্য সংকট কাটাতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।