প্রবা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭ পিএম
ইলন মাস্ক
ইলন মাস্কের টুইটার কেনার পক্ষে ভোট দিয়েছেন বেশিরভাগ শেয়ারহোল্ডার। ফলে মাস্ক চাইলেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে কিনতে পারবেন জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটটি। খবর বিবিসির।
গত এপ্রিলে টুইটারের শেয়ারহোল্ডাররা মাস্কের কাছে কোম্পানিটি বিক্রি করতে সম্মত হলেও বেঁকে বসেন স্বয়ং মাস্ক। সেসময় তিনি অভিযোগ করে বলেন, "প্ল্যাটফর্মে অনেক স্প্যাম এবং বট বা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত অ্যাকাউন্ট রয়েছে। টুইটার কোম্পানি ব্যবহারকারীদের ভুল সংখ্যা দিয়ে বিভ্রান্ত করছে।"
এ অভিযোগের পরেই চুক্তিটি ভেঙে যায়। এরপরই গত মে মাসে ইলন মাস্ক কোম্পানিটি কিনতে চান না বলে সাফ জানিয়ে দেন। তবে টুইটার জানায়, এ চুক্তি থেকে মাস্ক ফিরে আসতে পারবেন না। কারণ টুইটার মাস্কের সঙ্গে চুক্তিতে তিন মাসে ৩৩০ লাখ ডলার খরচ করে ফেলেছে।
কোম্পানির সানফ্রান্সিসকো সদর দপ্তরে বিনিয়োগকারীরা একটি সংক্ষিপ্ত সম্মেলন করে মাস্কের হাতে কোম্পানির দায়িত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। টুইটার কোম্পানি এখন আদালতের সাহায্যে মাস্ককে কোম্পানিটি কিনতে বাধ্য করতে পারবে। টুইটারের বর্তমান ক্রয়মূল্য ৩ হাজার ২০০ কোটি ডলার।
অক্টোবর মাসে ডেলাওয়্যার স্টেটের আদালতে দুইপক্ষের সিদ্ধান্ত হবে। আদালতের শুনানিতে বিচারক সিদ্ধান্ত দেবেন মাস্ককে কোম্পানি কিনতে হবে কি না।