প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৯ পিএম
বাজারে নকল ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে বুধবার ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা করেন মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ছবি : প্রবা
বাজারে নকল ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর অভিযানে নামবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
বুধবার ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে ইলেকট্রনিকস পণ্যের উৎপাদনকারী, আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ অভিযান পরিচালনার বিষয়ে হুঁশিয়ারি দেন সফিকুজ্জামান।
সভায় ইলেকট্রনিকস পণ্যের দাম ও বিশেষ ছাড় সম্পর্কে ভোক্তার মহাপরিচালক বলেন, ‘ভোক্তা যেন হয়রানি বা প্রতারিত না হয়, সেদিকে লক্ষ রেখে ইলেকট্রনিকস পণ্য বিক্রি করতে হবে। এমনও দেখা যায় বিশাল ছাড়ের কথা বলে ক্রেতা আকর্ষণ করা হয়। তারপর ভোক্তা বাজারে গিয়ে দেখে কোনো এক জায়গায় ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্যে। এতে লাভের অংশ বিক্রেতা প্রতিষ্ঠানের দিকেই যায়। ক্রেতাসাধারণের এসব বিশেষ ছাড়ে খুব একটা সুবিধা হয় না।’
এমন পরিস্থিতি দূর করতে সামনের দিনগুলোতে ইলেকট্রনিকস পণ্য বিক্রির কার্যক্রমে উৎপাদন বা সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে একটি খসড়া নীতিমালা তৈরি করে দেওয়ার প্রস্তাব দেন সফিকুজ্জামান।
তিনি বলেন, ‘আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইলেকট্রনিকস পণ্য কীভাবে বিক্রি হবে, কীভাবে দাম নির্ধারণ হয়, বিশেষ ছাড় কীভাবে দেওয়া হবে এসব বিষয়ের বিস্তারিত তথ্য সকল উৎপাদন বা সরবরাহকারী প্রতিষ্ঠান একসঙ্গে বসে একটি খসড়া নীতিমালা আমাদের কাছে দেবে। আমরা এই খসড়া নীতিমালা পর্যালোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ে লাভবান হবে। পাশাপাশি বাজারে স্বচ্ছতাও নিশ্চিত হবে।’
আলোচনায় ভোক্তা অধিকারের মহাপরিচালকের এমন প্রস্তাবে ব্যবসায়ীরা সায় দিয়ে আগামী ২ অক্টোবরের মধ্যে খসড়া নীতিমালা জমা দিতে সম্মতি প্রকাশ করেন।
প্রবা/ইউরি/এমজে