প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৪:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বিগত বছরের অর্থনৈতিক মন্দার ধাক্কা কাটিয়ে এ বছরও ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্ব অর্থনীতি। ব্যাংক ঋণে উচ্চ সুদের হার ও লাগামহীন মূল্যস্ফীতিতে সংকুচিত হয়েছে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্যাংক খাতের টালমাটাল অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আবাসন খাত। গত বছর এ খাতের প্রবৃদ্ধি কমেছিল ২৮ শতাংশ। চলতি বছরেও এ খাতে পুনরুদ্ধারের কথা থাকলেও তা আশানুরূপ হয়নি।
যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপির তথ্যমতে, বিশ্বের ৫০০টি খাতের মধ্যে আবাসন খাতে চলতি বছরের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ শতাংশ। যেখানে বিশ্বের সামগ্রিক খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ শতাংশে। এসঅ্যান্ডপির তালিকাভুক্ত ৫০০টি খাতের মধ্যে আবাসনই একমাত্র খাত যেখানে ২০২২ ও ২০২৩ সালে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে।
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতনের পর দেশটির অর্থনৈতিক খাত আরও চাপের মধ্যে পড়েছে। শিগগিরই দেশটির ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক ঋণে সুদের হার আরও বাড়াতে পারেÑ এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে কোম্পানিগুলোর পক্ষে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করা কঠিন হবে বলেও জানানো হয়েছে।
এসঅ্যান্ডপির তথ্য বলছে, ব্যাংক খাতে ধস নামার পরও অন্যান্য ৫০০টি খাতের প্রবৃদ্ধি বেড়েছে ৪ শতাংশ। তবে এ সময় আবাসন খাতের প্রবৃদ্ধি কমেছে ২ শতাংশ।
এদিকে দ্য ইনস্টিটিউশনাল ব্রোকারস ইস্টিমেট সিস্টেমের (আইবিইএস) পক্ষ থেকে জানানো হয়, এসঅ্যান্ডপির তালিকাভুক্ত ৫০০টি খাতের মধ্যে ২০২১ সালে সর্বোচ্চ পতনের মুখোমুখি হয় আবাসন খাত। সেসময় এ খাতের কার্যক্রম ৩০ শতাংশ কমে যায়। তবে ২০২২ সালে এ খাত আবারও কিছুটা ঘুরে দাঁড়ানোয় প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। কিন্তু চলতি বছরে তা আবারও শূন্য দশমিক ৩ শতাংশ কমার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্র : রয়টার্স