× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রডের দাম কমার অপেক্ষায় ৩১৩ কোটি টাকা গচ্চা

এম আর মাসফি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:০৬ পিএম

রডের দাম কমার অপেক্ষায় ৩১৩ কোটি টাকা গচ্চা

প্রকল্পের মেয়াদ ৪ বছরের অথচ সময় গড়িয়েছে ৫ বছর। এই সময়ে মাত্র ১১ ভাগ কাজ শেষ হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের। শুধু রডের দাম কমার অপেক্ষায় প্রকল্পের কাজ যথাসময়ে শুরু করা হয়নি। এজন্য আরও ৩ বছর সময় অপচয়ের সঙ্গে সরকারকে অতিরিক্ত ৩১৩ কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি।

প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, কৃষিশিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে ৬৫৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে ৪ বছরের প্রকল্পটিতে ৫ বছর পেরোলেও প্রকল্পটির অগ্রগতি হয়েছে মাত্র ১১ দশমিক ১২ শতাংশ। রেট শিডিউলের দোহাই দিয়ে ফেলে রাখা হয় কাজ। 

নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গাফিলতির কারণেই কাজ এগোয়নি। ২০১৪ সালের রেট শিডিউল দিয়ে ২০১৮ সালে প্রকল্প অনুমোদন পায়। এরপর সেই বছরই নতুন রেট শিডিউল হয়। তখন রডের দাম কমবে বলে কাজ ধরেনি। এখন ২০২২-এর রেট শিডিউল দিয়ে প্রস্তাব করা হয়েছে। অথচ অন্যরা তো আগের রেট শিডিউল দিয়েই কাজ করেছে। আগে কাজ দিতে পারলে এই টাকাতেই হয়ে যেত। এখন এই টাকায় ৬০ শতাংশ কাজ হবে। বাকি কাজের জন্য এখন আরও টাকা দেওয়া লাগবে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনে আর্থ ও সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সিনিয়র সচিব মোসাম্মৎ নাসিম বেগমের সভাপতিত্বে প্রকল্পটির মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আর্থসামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান (শিক্ষা) রাহনুমা নাহিদ প্রকল্পটি সম্পর্কে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিভিত্তিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। কৃষিশিক্ষা গবেষণা ও ভৌত অবকাঠামগত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উন্নয়ন মূল প্রকল্পটি ৬৫৯ কোটি টাকা ব্যয়ে জুলাই ২০১৮ থেকে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়। পরবর্তী সময়ে প্রকল্পটির এক বছর মেয়াদ বৃদ্ধি করে জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়।

তিনি বলেন, বর্তমানে বাস্তব চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন কিছু অঙ্গ সংযোজন এবং পিডব্লিউডির রেট শিডিউল বৃদ্ধির কারণে নতুন রেট শিডিউল ২০২২ প্রাক্কলন করে প্রকল্পটির ব্যয় ৩১৩ কোটি টাকা বাড়িয়ে ৯৭৩ কোটি টাকা ব্যয়ে জুলাই ২০১৮ হতে জুন ২০২৬ বাস্তবায়নের জন্য প্রথম সংশোধন প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটির জুন ২০২২ পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ১১ দশমিক ১২ শতাংশ। এবং বাস্তব অগ্রগতি হয়েছে ২০ শতাংশ।

প্রকল্পটির সংশোধন প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি প্রাচীন কৃষি বিশ্ববিদ্যালয়। ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরবর্তী সময়ে এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থী এবং শিক্ষকগণ অধ্যয়ন ও গবেষণা করে আসছেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে অধিক গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে কৃষিশিক্ষা ও গবেষণার ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ার লক্ষ্যে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে নবীন শিক্ষকদের আরও গবেষণাধর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রকল্পটি খুবই সহায়ক হবে।

সভায় প্রকল্পের ১২টি সংশোধনী প্রস্তাবের যৌক্তিকতা সম্পর্কে উপাচার্য কর্তৃক উপস্থাপিত তথ্য ও উপাত্তসমূহ আরডিপিপিতে সুস্পষ্টভাবে প্রতিফলন করার বিষয়ে মত ব্যক্ত করা হয়। অতঃপর আরডিপিপির লক্ষ্য, উদ্দেশ্যসহ মোট ৬৬টি অঙ্গের অগ্রগতি সভায় উপস্থাপন করা হয়। আলোচনায় প্রকল্পের কম অগ্রগতি বিষয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় প্রকল্পে নতুন অঙ্গ সংযোজনের প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক ড. হারুন উর রশীদ জানান, প্রস্তাবিত প্রথম সংশোধনীতে মোট ৬৬টি উপাদানের মধ্যে মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) বাইরে মোট ৯টি নতুন উপাদান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে চলতি পরিচালন খরচে ৭টি নতুন উপাদান যথাক্রমে, আপ্যায়ন খরচ, যাতায়াত ব্যয়, পেট্রল, ওয়েল অ্যান্ড লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি, কম্পিউটারসামগ্রী, অন্যান্য মনিহারি ও সাধারণ সরবরাহ এবং মূলধন ব্যয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার আধুনিকায়নের জন্য কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রাংশ ক্রয় ও জেনারেটর ক্রয় নামে দুটি নতুন উপাদান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অপরদিকে অনুমোদিত রাস্তা ও কালভার্ট নির্মাণ অঙ্গের পরিবর্তে আরসিসি রাস্তা নির্মাণ ও কালভার্ট নির্মাণ দুটি পৃথক অঙ্গ, বহুতল ভবন নির্মাণ অঙ্গ হতে লিফ্‌ট ক্রয়, এয়ার কুলার ক্রয় নামে দুটি পৃথক অঙ্গ এবং অফিস সরঞ্জামাদি ক্রয় হতে কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য এয়ার কুলিং প্ল্যান্ট ক্রয় অঙ্গটি পৃথক করে সংশোধন আকারে প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনসহ সব পূর্ত নির্মাণকাজের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, এ প্রকল্পের আওতায় একাডেমিক, গবেষণা ল্যাব, প্রশাসনিক ও আবাসিক ভবন হিসেবে ১৫টি ১০ তলা বিশিষ্ট, ১টি ৮ তলাবিশিষ্ট, ২টি ৬ তলাবিশিষ্ট, ২টি তিনতলাবিশিষ্ট, ৯টি দোতলা বিশিষ্ট ভবন নির্মাণসহ ২টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, ভবনসমূহের ড্রয়িং এবং ডিজাইন সম্পন্ন করা হয়েছে এবং প্রস্তাবিত সংশোধনীতে গণপূর্ত বিভাগের রেট শিডিউল-২০২২ অনুসরণে ব্যয় প্রাক্কলন করা হয়েছে। আর ভবনসমূহের মধ্যে ২টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী বা আনুভূমিক সম্প্রসারণকাজ সম্পন্ন, ১টি ছাত্রী হল, শিক্ষকদের জন্য ১টি ১০ তলাবিশিষ্ট স্টুডিও ফ্ল্যাট ও ১টি ৮ তলাবিশিষ্ট মাল্টিপারপাস ভবন নির্মাণকাজ মূল অনুমোদিত গণপূর্ত বিভাগের রেট শিডিউল-২০১৪ অনুযায়ী চলমান রয়েছে।

প্রকল্পের বেশ কিছু খাতে বেশি ব্যয়ের বিষয়ে প্রকল্প পরিচালক সভাকে জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও ডলারের বিনিময়হার বৃদ্ধির কারণে এসব অঙ্গের ব্যয় বৃদ্ধি পেয়েছে। অফিস সরঞ্জামাদি, বৈজ্ঞানিক ও ল্যাব যন্ত্রপাতি এবং ফার্নিচার ক্রয়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে প্রয়োজনীয়তার নিরিখে পুনর্বিবেচনা ও পরীক্ষা করে যৌক্তিকভাবে ব্যয় হ্রাস-বৃদ্ধি সংশোধনের প্রস্তাব করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা