প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২১:০৯ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
জ্বালানি সংকট ও গাড়ি শিল্পের আধুনিকায়নের কথা মাথায় রেখে বিশ্বের নামিদামি কোম্পানিগুলো ক্রমশ বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদনে ঝুঁকছে। তা ছাড়া পরিবেশবান্ধব হওয়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কমাতে চাচ্ছে বেশিরভাগ দেশ।
গত এক দশকে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শিল্পে যুগান্তকারী পরিবর্তন এনেছে টেসলা, রিভিয়ান, এনআইওর মতো প্রতিষ্ঠানগুলো। প্রচলিত দ্রুতগতির গাড়ি প্রস্তুতকারক ভলভো, জিএম, নিসান ও ফোর্ডও বাজারে এনেছে বৈদ্যুতিক গাড়ি। নরওয়ে, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোয়ও দ্রুত বাড়ছে বৈদ্যুতিক গাড়ি কেনার হার।
বর্তমানে চীনেও বৈদ্যুতিক গাড়ির সুবিশাল বাজার রয়েছে। আসলে বৈদ্যুতিক গাড়ি এমন এক ধরনের বাহন, যা এক বা একাধিক বৈদ্যুতিক মোটর দ্বারা চলে এবং রিচার্জেবল ব্যাটারিতে সঞ্চিত শক্তি ব্যবহার করে পরিচালিত হয়। ইউরোপ, আমেরিকাসহ সারা বিশ্বেই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে এবং এ গাড়িকে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। ভারতে বৈদ্যুতিক গাড়ির জগতে তিন বছর আগেই এসেছে খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা।
এবার ইভিতে নতুন করে বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর। প্রতিষ্ঠানটি কানাডার অন্টারিওর ওকভিল অ্যাসেম্বলি প্ল্যান্টে ১৩০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ইভির নতুন একটি হাব তৈরি করতে যাচ্ছে। ফোর্ড কানাডা প্ল্যান্টের নাম পরিবর্তন করে ইলেকট্রিক ভেহিকেল কমপ্লেক্স রাখা হবে। কোম্পানির পরবর্তী প্রজন্মের জন্য ইভি তৈরি করতে সক্ষম হবে আগামী এক দশকের মধ্যে।
কারখানাটি ইভি গাড়ি তৈরির উপযোগী করতে সময় লাগবে আরও ছয় মাস। তবে ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের দ্বিতীয় প্রন্তিকে প্রতিষ্ঠানটির ইভি গাড়ি বাজারে আসবে। ২০২৬ সালের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির ২০ লাখ গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হুন্দাই ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শিল্পে বিশ্ববাজারে তাদের অবস্থানকে শীর্ষ তিনে রাখার লক্ষ্যমাত্রা নিধারণ করেছে। লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে কোম্পানিটি ১ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ইভির অভ্যন্তরীণ উৎপাদনের জন্য ১৫ লাখ ১০ হাজার ইউনিট ও বিশ্বব্যাপী উৎপাদনের জন্য ৩৬ লাখ ৪ হাজার ইউনিট কাজ করবে। ২০৩০ সালের মধ্যে হুন্দাই ইভিতে ৩১ মডেলের গাড়ি তৈরি করবে, যার মধ্যে তাদের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যান্ড কিয়া এবং জেনেসিসের মডেলও থাকবে।
গত বছর হুন্দাই ইভি উৎপাদনের জন্য ১ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। ২০২১ সালে ঘোষণা করা হয়েছে যে, ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধির জন্য ৭৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। কিয়ান এ বছর পোর্টফোলিওর ওপর ভিত্তি করে বৈদ্যুতিক এসইউভি উন্মোচন করার পরিকল্পনা করেছে। আগামী বছর হুন্দাই সাশ্রয়ী মূল্যের যাত্রীবাহী ইভি লাইন ইউনিক প্রকাশ করবে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে অনেক গাড়ি নির্মাতা জীবাশ্ম জ্বালানিনির্ভর গাড়ি থেকে বের হয়ে বৈদ্যুতিক গাড়ির দিকে এগোচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মান অটোমোবাইল কোম্পানি বিএমডব্লিউ ২০৩০ সালের মধ্যে মেক্সিকোয় উৎপাদিত গাড়ির অর্ধেক বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরিত করতে চাচ্ছে। তবে বিএমডব্লিউ মেক্সিকোয় ইতোমধ্যেই ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে বলে খবর এসেছে।
এদিকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ২০৩০ সালের মধ্যে তিন লাখ বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে জ্বালানিচালিত গাড়ি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি প্রতিবছর দেশটির ৩০ শতাংশ হারে চার্জিং স্টেশন স্থাপন বাড়ানোর কথা বলেছেন। সূত্র : সিএনবিসি, ফোর্বস