প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২০:১৭ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২০:২১ পিএম
প্রবা ফটো
গত সপ্তাহের প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ৪০০ কোটির ঘরে। যার ফলে আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেশ কমেছে। ৫০০ কোটি টাকার দৈনিক গড় লেনদেন নেমেছে ৪০০ কোটির ঘরে। তবে ডিএসইর বাজার মূলধন সামান্য বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ইতিবাচক থাকলেও কমেছে লেনদেন।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে লেনদেন হয় ২ হাজার ২৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৮৯৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৬৫৭ কোটি টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ। সেই হিসাবে ওই সপ্তাহে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৪৭২ কোটি ২১ লাখ টাকায়। যা আগের সপ্তাহে ছিল ৫৭৮ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন কমেছে ১৩১ কোটি ৪৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ২০১ পয়েন্টে। এদিকে গত সপ্তাহে ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৮টির।
গত সপ্তাহের শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ৯১১ কোটি টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ২৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১১৪ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে ডিএসইতে মার্কেট পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। সপ্তাহ শেষে পিই রেশিও শূন্য দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৮ পয়েন্টে।
অপর বাজার সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় ৩৬ কোটি ১ লাখ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ৩ কোটি ৬২ লাখ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ কম। ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৬৩ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩১ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ১৩৩টির দর।