× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে বিএসইসির রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৯:০০ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৯:০৯ পিএম

জাপানে বিএসইসির রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণে ষষ্ঠ দফায় রোড শো আয়োজন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ২৭ এপ্রিল জাপানের টোকিওতে এই রোড শো অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো দুবাইয়ে রোড শোর আয়োজন করে বিএসইসি। এরপর আরও পাঁচটি দেশের ১০টি শহরে রোড শো ও বিনিয়োগ সম্মেলন করেছে বিএসইসি। সেই ধারাবাহিকতায় এবার এশিয়ার দেশ জাপানে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার : পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে রোড শো আয়োজনের সব প্রস্তুত্তি সম্পন্ন করেছে বিএসইসি। রোড শোতে বিএসইসির সঙ্গে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জানা গেছে, জাপানের রোড শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ বিএসইসির প্রতিনিধিরা।

রোড শোতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এসব অতিথি বিভিন্ন সেক্টর নিয়ে জাপানের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এফডিআই-বিষয়ক নানা তথ্য-উপাত্ত তুলে ধরা হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগ করবেন, তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে।

দেশের পুঁজিবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে তুলে ধরার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করেছে বিএসইসি। এর আগে প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড, চতুর্থ দফায় যুক্তরাজ্য ও পঞ্চম দফায় কাতারে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। এ ছাড়া সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

জাপানের রোড শোর বিষয়ে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য অনেক বেড়েছে। দেশের বড় বড় প্রজেক্টে বিনিয়োগ করছে জাপান। দেশে আরও অনেক বিনিয়োগ করার জায়গা রয়েছে, সেগুলো তুলে ধরতেই জাপানে রোড শো করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাপানি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা