প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল বন্দরে চলছে তীব্র শ্রমিক সংকট। ফলে স্বল্পসংখ্যক শ্রমিক নিয়ে কার্যক্রম পরিচালনা করায় লস অ্যাঞ্জেলেস এবং লং বিচের বাণিজ্য কার্যক্রমে গতি কমেছে।
জানা যায়, কর্মী সংকট মেটাতে কয়েক মাস ধরে ডকশ্রমিক এবং নিয়োগকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তবে তীব্র শ্রমিক ঘাটতির কারণে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যস্ততম সমুদ্রবন্দর লস অ্যাঞ্জেলেস এবং লং বিচের বাণিজ্য কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
নিয়োগকর্তাদের প্রতিনিধিত্বকারী প্যাসিফিক মেরিটাইম অ্যাসোসিয়েশন (পিএমএ) বলছে, লস অ্যাঞ্জেলেস এবং লং বিচ কর্মীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক বন্দরের কার্গো লোড এবং আনলোড করার জন্য কাজ করেন। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত বিগত সময়ের তুলনায় অনেক কমসংখ্যক কর্মী কাজে যোগ দিয়েছেন।
কর্মীদের অনুপস্থিত থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, অনুপস্থিত কর্মীরা ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়্যারহাউস ইউনিয়নের (আইএলডব্লিউইউ) পদক্ষেপ অনুযায়ী কর্ম বিরতিতে রয়েছে। ইউনিয়নের পদক্ষেপ কার্যকর করতে তারা লস অ্যাঞ্জেলেস এবং লং বিচের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে।
তবে এ বিষয়ে আইএলডব্লিউইউর পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজার হাজার ইউনিয়ন কর্মী তাদের মাসিক সদস্য সভায় যোগদান করেছিলেন এবং পরের দিন গুড ফ্রাইডে ছুটি পালন করার কারণে কাজের গতি ধীর হয়েছে।
লস অ্যাঞ্জেলেস এবং লং বিচ বন্দরের ইউনিয়ন সদস্যদের প্রতিনিধিত্বকারী আইএলডব্লিউইউ লোকাল-১৩ তাদের এক বিবৃতিতে বলছে, ‘বন্দরে লংশোর কর্মীরা কাজ চালিয়ে যাওয়ায় কার্গো অপারেশন চলছে।’
তবে এ বিষয়ে বন্দরের মুখপাত্র লি পিটারসন বলেন, ‘শুক্রবার সকালে শ্রমিকরা না আসায় লং বিচ বন্দরের ছয়টি টার্মিনালের মধ্যে চারটি অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’
এদিকে বন্দরের স্বাভাবিক কাজের গতি ফিরিয়ে আনতে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সংসদ, রাজ্য এবং স্থানীয় কর্মকর্তা, আইএলডব্লিউইউ এবং পিএমএর সঙ্গে যোগাযোগ করেছে।
উল্লেখ্য, বন্দরের ইউনিয়ন কর্মীরা গত বছরের জুলাইয়ের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে কোনো কর্মসংস্থান চুক্তি ছাড়াই চাকরিতে রয়েছেন। আইএলডব্লিউইউ এবং পিএমএ বলছে, মূল বিষয়গুলো ধরে তারা আলোচনার মাধ্যমে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে। চুক্তির বিষয়টি দ্রুত সমাধান করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : রয়টার্স