প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত
গত মাসে যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক এবং সুইজারল্যান্ডের সমৃদ্ধিশালী ক্রেডিট সুইস ব্যাংকের পতনের পর এ খাতের সংকট আরও তীব্র হয়ে উঠেছে। তবে ক্রেডিট সুইস পতনের এ বিরূপ প্রভাব যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যাংকটির ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করে দেশটির সরকার।
সে সময় ক্রেডিট সুইসকে দেশটির আরেক ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএসের সঙ্গে একীভূত করে সুইস সরকার। তবে আগামী সপ্তাহে প্রণীত জরুরি একীভূতকরণ চুক্তি নিয়ে সুইস পার্লামেন্টে একটি বিশেষ অধিবেশনের কথা রয়েছে। সেখানে কোনো বাধা ছাড়াই দুটি ব্যাংককে একীভূত করতে সরকার ও বিরোধী দলের একমত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সুইস অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার। তিনি বলেন, ‘ইউবিএসের কাছে মাল্টি-বিলিয়ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রেডিট সুইস হস্তান্তর রাজনৈতিক বাধা ছাড়াই মসৃণভাবে এগিয়ে যাওয়া উচিত।’
ক্রেডিট সুইসের অনিয়ন্ত্রিত ব্যর্থতার কারণে ঘটা আর্থিক মন্দা এড়াতে ২৮ হাজার ৭০০ কোটি ডলারের গ্যারান্টি নেয় সুইস সরকার। এর ফলেই তৈরি হয় ইউবিএসের সঙ্গে ক্রেডিট সুইসের একীভূত করার ক্ষেত্র।
এ বিষয়ে কেলার-সাটার বলেন, ‘ইউবিএস এবং ক্রেডিট সুইসের মধ্যে একটি একীভূতকরণ চুক্তি রয়েছে। তার অংশ হিসেবে মন্ত্রিসভা স্থিতিশীলতা নিশ্চিত করতে ক্রেডিট সুইসকে তারল্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।’
ইউবিএসের সঙ্গে গ্যারান্টি চুক্তির বিষয়ে এখনও আলোচনা চলছে উল্লেখ করে কেলার-সাটার আরও বলেন, ‘অনেক বৈঠক থেকে আমি ধারণা পেয়েছি, রাজনীতিবিদরা নিশ্চিতভাবে ক্রেডিট সুইসকে ঝুঁকিতে ফেলতে চান না। ফলে এ মুহূর্তে কোনো হোঁচট খাওয়ার পথ দেখছি না।’
নতুন সম্মিলিত ব্যাংকে ১ লাখ ৬০ হাজার কোটি ডলারের সম্পদ এবং ১ লাখ ২০ হাজার কর্মী থাকবে বলেও জানিয়েছেন কেলার-সাটার। তিনি বলেন, ‘ইউবিএস হস্তান্তরের পর আরও ইক্যুইটি ধরে রাখতে হবে।’
সূত্র : রয়টার্স