× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে মিষ্টি আলুর চাহিদা থাকায় কৃষকের মুখে হাসি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

জমি থেকে মিষ্টি আলু সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। প্রবা ফটো

জমি থেকে মিষ্টি আলু সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মৌসুমে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে এ আলুর চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। এতেই হাসি ফুটেছে কৃষকের মুখে। চলতি মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়নে ৫৫০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। বাজারে চাহিদা থাকায় ক্ষেত থেকে উত্তোলনের পরপরই কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে কৃষকের বাজারজাত করতে বাড়তি শ্রম ও অর্থ অপচয় হচ্ছে না বলে জানান তারা। 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভাটারা ও কামরাবাদ ইউনিয়নে সবচেয়ে বেশি মিষ্টি আলুর চাষ হয়। এবার দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম ও শুকনো ঝিনাই নদী মিলিয়ে ৪৫০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। এরমধ্যে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুকনো ঝিনাই নদীতে প্রায় ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মিষ্টি আলুর। এ ছাড়া কামরাবাদ, ভাটারা ও পোগলদিঘাÑ এই তিন ইউনিয়নে ৫৫০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে।

আলু চাষিরা জানান, মিষ্টি আলুতে বিনিয়োগ কম। এক শতক জমিতে আলু চাষ করতে খরচ হয় ৮০০ থেকে ৯০০ টাকা। প্রতি মণ মিষ্টি আলুর দাম ৭৫০ থেকে ৭৯০ টাকা। ১ শতক জমিতে থেকে প্রায় তিন মণ আলু উৎপাদন হয়। মিষ্টি আলু চাষে অল্প খরচে বেশি লাভবান কৃষক। তাই মিষ্টি আলু চাষে ঝুঁকে পড়ছেন তারা। 

উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের কৃষক জাফর শেখ। কামরাবাদ ইউনিয়নের শুকনো ঝিনাই নদীর ক্ষেতে আলু বস্তাবন্দি করছিলেন তিনি। আলুর বাজার সম্পর্কে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাজারে মিষ্টি আলুর বেশ ভালো চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা আমাদের ক্ষেত থেকেই আলু সংগ্রহ করে নিয়ে যান। ফলে আমাদের বাড়তি কোনো ঝামেলায় পড়তে হয় না। বাজারেও আলুর বেশ চাহিদা থাকায় ভালো দামেই বিক্রি করতে পারছি।’ 

বড়বাড়িয়া গ্রামের আরেক কৃষক হাতেম আলী। শুকনো ঝিনাই নদীর চরে তার ক্ষেতে দাঁড়িপাল্লায় মিষ্টি আলুর মাপ করছিলেন। এ সময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এক একর জমিতে মিষ্টি আলু চাষ করেছি। এক একর জমি চাষ করতে আমার খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। এক একর জমিতে মিষ্টি আলুর ফলন হয় প্রায় ৩০০ মণ। যার বর্তমান বাজার প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।’

আলু কিনতে শুকনো ঝিনাই নদীর চরের কৃষক হাতেম আলীর ক্ষেতে এসেছেন আলু ব্যবসায়ী হাসান আলী। তিনি বলেন, ‘আমি ঢাকায় নিয়ে আলু বিক্রি করি। বাজারে মিষ্টি আলুর বেশ ভালো চাহিদা আছে। কৃষকের ক্ষেত থেকে স্বল্পমূল্যে আলু কিনে ঢাকা শহরে বেশ ভালো দামে বিক্রি করছি। ঢাকায় মিষ্টি আলুর বেশ ভালো চাহিদা।’ 

কথা হয় উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুনের সঙ্গে। ওই কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরিষাবাড়ীর মাটি মিষ্টি আলু চাষে বেশ উপযোগী। কয়েক বছর ধরে এখানে মিষ্টি আলুর চাষ বাড়ছে। কম খরচে বেশি লাভবান হওয়ায় কৃষকরা মিষ্টি আলু চাষের দিকে ঝুঁকছেন। চলতি মৌসুমে মিষ্টি আলুর বেশ ভালো ফলন হয়েছে। আমরা আগামী বছর আরও ভালো ফলনের আশাবাদী।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা