প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
গত মাসে যুক্তরাষ্ট্রে চাকরির বাজার সংকুচিত হয়েছে। তবে এখনও দেশটিতে বেকারত্বের হার তুলনামূলক কম। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলেছে, গত মার্চে ২ লাখ ৩৬ হাজার জন চাকরিপ্রত্যাশীকে কাজে নিয়োগ দেওয়া হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় কম কিন্তু লক্ষ্যমাত্রার কাছাকাছি। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৩ দশমিক ৫ শতাংশ, যা দেশটির ইতিহাসের সর্বনিম্ন বেকারত্ব হারের কাছাকাছি।
উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ব্যাংক ঋণের সুদহার বাড়িয়েছে। তবে এই অবস্থায়ও দেশটির ঋণের খরচ স্বাভাবিক অবস্থায় ছিল। সামনের দিনগুলোতে খারাপ সময় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সুদহার বৃদ্ধির ফলে ঋণ আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠছে। ফলে ব্যবসায়ীরা ঋণ কম নেবেন, কমবে প্রবৃদ্ধি। প্রতিষ্ঠানগুলোয় চাকরির সুযোগ কমবে। এমনকি কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকতে হতে পারে অনেক প্রতিষ্ঠানকে।
তবে যুক্তরাষ্ট্র এখনও চাকরির মন্দার বিষয়টিকে অস্বীকার করেছে। একই সঙ্গে দেশটির নিয়োগ বোর্ড জানায়, ছয় মাস ধরে গড়ে ৩ লাখ ৩০ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তার পরও যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগকে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কারণ নির্মাণ, উত্পাদন এবং খুচরা বাজারসংশ্লিষ্ট খাতে কর্মসংস্থানে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধির হারও কমছে। চলতি বছরের মার্চে দেশটিতে গড় মজুরি বৃদ্ধি পেয়েছে ঘণ্টায় ৪ দশমিক ২ শতাংশ, ফেব্রুয়ারিতে ছিল ৪ দশমিক ৬ শতাংশ, যা ২০২১ সালের জুন পরবর্তীকালে সর্বনিম্ন। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের ডেপুটি চিফ অ্যান্ড্রু হান্টার বলেন, ‘আমরা ভেবেছিলাম শ্রমবাজার কিছুটা বাড়বে। কিন্তু শ্রমবাজার সেই ভাবে বাড়েনি। এখনও ২০২০ সালের মতোই ছোট রয়েছে।’
এদিকে পরামর্শক সংস্থা এক্সেঞ্চার বলছে, বিনোদন জায়ান্ট ডিজনি এবং ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডসসহ বড় সংস্থাগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোয় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কিন্তু বার, রেস্তোরাঁ, স্কুল এবং হাসপাতালগুলোতে চাকরির সুযোগ অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে যে, অর্থনীতি খারাপ অবস্থায় পড়ার আগেই মূল্যস্ফীতি কমতে শুরু করবে।