প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ০০:০৫ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১১:৩৭ এএম
ঈদকে সামনে রেখে জমজমাট বেচাকেনা চলছে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে। প্রবা ফটো
ঈদকে সামনে রেখে জমজমাট বেচাকেনা চলছে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে। অন্যান্য শুক্র ও শনিবারের চেয়ে এ সপ্তাহে ক্রেতা সমাগম ছিল বেশি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এই মার্কেটে বাহারী ইফতার ও ঈদ শপিংয়ের বিশেষ আয়োজন যুক্ত করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির এই উদ্যোগটি এরই মধ্যে সাধারণ ক্রেতা-বিক্রেতার মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ঈদ উপলক্ষে দেশসেরা এসএমই উদ্যোক্তারা হাজার হাজার মানসম্মত দেশিয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হলিডে মার্কেটে আগত ক্রেতা সাধারণের জন্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, চুরি, লেডিস ব্যাগ, অর্নামেন্টস, চামড়াজাত পণ্য, কিডস আইটেম, খেলনা, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, হোম ডেকর পণ্য, মশলা জাতীয় পণ্য, ফাস্ট ফুড, ড্রাই ফ্রুটস, জুস কর্ণার, খাবার দোকানসহ সকল ধরনের পণ্যের স্টল থাকছে এই মার্কেটে।
আগারগাঁও আইসিটি সড়কে হলিডে মার্কেটের নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে এবং এই হলিডে মার্কেট থেকে গত নয় সপ্তাহে প্রায় পৌনে তিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার হলিডে মার্কেট বসে। তবে রমজান মাস উপলক্ষে মার্কেট দুপুর দুইটা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।