প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২১:২৩ পিএম
রাজধানীর উত্তরায় রমজান মাসে টিসিবির দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো
মাছ, মাংস, মুরগির দাম নির্ধারণের দায়িত্ব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। এ খাদ্যপণ্যের দাম নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রমজান মাসে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের অধীনে সবকিছু নয়। মুরগির দাম কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না। সবার ধারণা হয়েছে যাই বাড়বে সব বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রয়লারের দাম বেড়েছে, সেটা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা চেষ্টা করি ভোক্তাদের যেন কষ্ট না হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব পণ্য সেগুলোর দাম আমরা ঠিক করে দিই। আমরা প্রত্যক্ষভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি। এখন যদি বলেন, ধান উৎপাদনের সমস্যার উত্তর দিতে হবে, সেটি তো আমি দিতে পারব না। চালের দাম বাড়লেও বলা হয় বাণিজ্য মন্ত্রণালয় কী করে।’
রমজানে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পেরেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এর আগের চারটি রমজান আর এবারের রমজান তুলনা করলে দেখবেন আগের চেয়ে ভালো। আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঢাকায় ১৩ লাখ পরিবারকে আমরা সহায়তা দিচ্ছি। প্রধানমন্ত্রী এটি চালিয়ে যেতে বলেছেন। করোনা মহামারি গেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সবকিছুর প্রভাব মানুষের ওপর পড়েছে। আমরা শুরু করেছি, আশা করি সুন্দরভাবে শেষ করতে পারব এই কার্যক্রম।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ এবং বরিশালে টিসিবির কার্ড স্মার্ট কার্ডে রূপান্তরের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে। হাতে লেখা সব কার্ড কিউআর কোডসংবলিত স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে। যার কাজ চলমান রয়েছে। এসব কার্ড স্মার্ট কার্ডে পরিবর্তন করলে অসঙ্গতিগুলো দূর করা সহজ হবে।’
এ সময় বাণিজ্যমন্ত্রী উত্তরায় সাড়ে ৭ হাজার বর্গফুটের টিসিবির একটি গুদামও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।
রমজানে টিসিবির দ্বিতীয় দফা পণ্য বিক্রির কার্যক্রমে একজন ক্রেতা ৬০ টাকায় এক কেজি চিনি, ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে উত্তরার বাসিন্দা শিরিন আক্তার বলেন, ‘টিসিবিতে কম দামে পণ্য পাওয়া যায়। এতে বেশ সুবিধা হয়। বাজারের দামের তুলনায় এখানে অনেক কম দামে পাওয়া যায়। আরও যদি কয়েকটা পণ্য টিসিবির মাধ্যমে পাওয়া যাইত তবে সুবিধা হতো।’
আরেক ক্রেতা নূরুল ইসলাম বলেন, ‘বাজারে এক কেজি চিনি কিনতে গেলে ১১৫ টাকা লাগে, এখানে ৬০ টাকায় পাই। অনেক সাশ্রয় হয়। তেল, ডালের দামও কম। পরিমাণটা যদি আরও বাড়ে তবে আরও টাকা সাশ্রয় হবে।’