× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভা

লাইসেন্স পেল নগদ ফাইন্যান্স পিএলসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:৪০ পিএম

লাইসেন্স পেল নগদ ফাইন্যান্স পিএলসি

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেলো ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’। ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পদোন্নতি পেতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সূত্র বলছে, সম্প্রতি ব্যাংকারদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে বর্তমানে যারা নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন তাদের আর এই ডিগ্রির প্রয়োজন হবে না। অর্থাৎ বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা পরিচালকদেরও পদোন্নতির ক্ষেত্রে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি।

 এছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’কে। নিয়ম অনুযায়ী, দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ এতদিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি ছিল না। তাই তারা এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি। মোবাইলে সেবা কার্যক্রম পরিচালনা করেছে ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসেবে। এখন আর্থিক আলাদা আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে সেই ঘাটতি কাটানো হচ্ছে। ধারণা করা হচ্ছে পরবর্তীতে ডাক বিভাগ থেকে বের হয়ে ‘নগদ’ মোবাইল ব্যাংকিং নগদ ফাইন্যান্স-এর অধীনে চলে আসবে।

বাংলাদেশ ব্যাংক গতবছরের ফেব্রুয়ারিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিধিমালা ২০২২ জারি করে। ওই বিধিমালা অনুযায়ী, ব্যাংকের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও এখন থেকে এমএফএস দিতে পারবে। এসব প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানকে এমএফএস লাইসেন্স দেবে কেন্দ্রীয় ব্যাংক। আগে শুধু ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের এই সেবা দেওয়ার সুযোগ ছিল। সেই সুবিধার আওতায় নগদ ফাইন্যান্স পিএলসিকে গতবছরের আগস্টে লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর গতকাল প্রতিষ্ঠানটির চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিচালনা পর্ষদের সভায় নগদ ফাইন্যান্স পিএলসিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যন্ত ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে। তবে বর্তমানে যারা নির্বাহী পরিচালক রয়েছেন তাদের ডিপ্লোমার প্রয়োজান হবে না। এছাড়া বৈদেশিক মুদ্রার বাজারের স্থিতিশীলতা ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য আরোপিত দণ্ড মওকুফ করা হয়েছে কিনা তার সম্পর্কে তিনি মন্তব্য করতে রাজি হননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা