প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৮ পিএম
ঋণ খেলাপির দায়ে নূরজাহান গ্রুপের পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে বিষয়টি জানাজানি হয় শুক্রবার।
৪৬৫ কোটি টাকা খেলাপির অভিযোগ এনে সাউথইস্ট ব্যাংকের জুবিলি রোড শাখার পক্ষ থেকে আদালতে মামলা করা হয়।
নূরহাজান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন। গ্রেপ্তারি পরোয়ানায় তার স্ত্রী ও ভাইয়ের নামও রয়েছে।
এজাহারে বলা হয়েছে, বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপিদের মধ্যে নূরজাহান গ্রুপ একটি। একাধিকবার সময় নিয়েও ঋণের পুরো অর্থ পরিশোধ করতে পারেনি গ্রুপটি। এ ছাড়া ঋণের বিপরীতে জামানত রাখা সম্পদ নিলামে উঠিয়েও তা বিক্রি করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সাউথইস্ট ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কোনো গ্রাহকের বিরুদ্ধে মামলা করে সেই টাকা আদায় করাটা আমাদের কাজ। আমরা চাই নতুন নতুন ঋণের মাধ্যমে ভালো উদ্যোক্তা তৈরি হোক। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগের অসৎ ব্যবহার করছে। এতে ঋণ আদায়ে অনেক সময় লাগছে।
‘আটকে যাচ্ছে ব্যাংকের কোটি কোটি টাকা। এই বিষয়গুলো নিয়ে ইদানিং আইনি সংস্থাগুলো অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করছে। সবার সম্মিলিত প্রয়াসে ঋণ খেলাপিদের উপযুক্ত শাস্তি দেয়া এবং অর্থ আদায় করা সম্ভব বলে আমি মনে করি।’
গ্রেপ্তারি পরোয়ানার নথি হাতে পেলে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবা/আরকে